দুই বছরেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার দুই বছর হলেও পুলিশ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত বিচার দাবি করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের হামলায় গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন নিহত হন। ওই হামলায় পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী আহত হন। তারা ওই রাতে ছাত্রলীগের অনেক নেতা-কর্মীর কক্ষে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা ছাত্রলীগের তিন কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। এসব ঘটনাকে কেন্দ্র করে এবং প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে নগরের মতিহার থানায় ছাত্রলীগের পক্ষ থেকে ১৪টি মামলা করা হয়। এর মধ্যে পাঁচ নম্বর মামলাটি হচ্ছে ফারুক হত্যাসংক্রান্ত। খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত তিনবার ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। প্রথমে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় মতিহার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে। এরপর তাঁকে বাদ দিয়ে এসআই আরিফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকেও বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় এসআই সোহেল রানাকে।২০১০ সালের নভেম্বর মাসে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান মামলাটি বর্তমানে তদন্ত করছেন। তবে তিনি আদালতে অভিযোগপত্র দিতে পারেননি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ মামলার এজাহারে ৩৫ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে ২৫ জন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। একজন মারা গেছেন এবং চারজন পলাতক রয়েছেন।ফারুকের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা। ফারুক হোসেনের বাবা ফজলুর রহমান ও মা হাছনা বানু জানান, একমাত্র সন্তান ফারুককে হারিয়ে তাঁরা বহু কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁরা ফারুক হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করেন।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান জানান, এ মামলার তদন্তকাজ শেষ হয়েছে। খুব দ্রুত আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।উপাচার্য এম আবদুস সোবহান বলেন, ‘ছাত্রশিবিরের বর্বরতার কাছে হার মানা ফারুকের অসহায় পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের সবারই নৈতিক দায়িত্ব।’