দুই বছরেও নির্মাণ শুরু হয়নি, ২২ কোটি টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের নির্মাণকাজ অনিশ্চয়তার মুখে পড়েছে। জমি অধিগ্রহণ হলেও গত দুই বছরে কলেজ ভবনের নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়নি। এ কারণে প্রকল্পের জন্য দুই দফায় বরাদ্দ পাওয়া টাকার মধ্যে প্রায় ২২ কোটি টাকা ফেরত গেছে।
এদিকে কলেজ ভবন নির্মাণ না হওয়ায় ১৫২ শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে সদ্য নির্মিত আড়াই শ শয্যা হাসপাতালের কর্মচারী-কর্মকর্তাদের বাসভবনে। ওই সব ভবনে তাঁদের থাকতেও হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১২ সালের শিক্ষাবর্ষ থেকে কলেজের কার্যক্রম শুরু হয়। প্রথম অবস্থায় ছাত্রছাত্রীদের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলত শহরের ভাড়া করা একটি কমিউনিটি সেন্টারে। গত তিন শিক্ষাবর্ষে কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। ২০১২ সালে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁকাল এলাকায় কলেজ নির্মাণে ৩০ একর জমি অধিগ্রহণের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অধিগ্রহণের পর জমির মূল্য দাঁড়ায় ১৮ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে কলেজ ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকা থেকে অতিরিক্ত পাঁচ কোটি টাকা ব্যয় বহন করা হয়। কাজ না হওয়ায় বাকি ১৫ কোটি টাকা ফেরত চলে যায় মন্ত্রণালয়ে। অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হয় ২০১২ সালের ২৬ নভেম্বর। ২৭ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রকল্পের পরিচালক শরীফ জাহাঙ্গীর আতিক এক চিঠিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজ ও প্রশাসনিক ভবনসহ প্রয়োজনীয় কাজের দরপত্র আহ্বান করার অনুরোধ করেন। পরে প্রকল্প পরিচালক বিষয়টি ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ পৃথক চিঠিতে স্বাস্থ্যসচিবকে অবহিত করেন। একই বছরের ১৫ এপ্রিল স্বাস্থ্যসচিব নির্মাণকাজ শুরু করাতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অনুরোধ করেন। কিন্তু তাতেও কাজ শুরু না হওয়ায় প্রকল্প পরিচালক চার দফায় বিষয়টি স্বাস্থ্যসচিবকে অবহিত করেন।
সাতক্ষীরা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. ফারুখ আহমেদ বলেন, সাতক্ষীরা মেডিকেল নির্মাণের জন্য ২০১২ সালের ডিসেম্বর মাসে একটি প্যাকেজে ১৯৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের একটি প্যাকেজে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দেওয়ার ক্ষমতা না থাকায় দরপত্র বাতিল করা হয়। পরবর্তী সময়ে গত বছরের নভেম্বরে একই পরিমাণ টাকা ২০টি প্যাকেজে ভাগ করে পুরোনো দর অনুযায়ী দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করা হলে জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের জানুযারিতে ২০টি প্যাকেজে মেডিকেল কলেজের একাডেমি ভবন, ছাত্রছাত্রীদের আবাসিক হল ও ভূমি উন্নয়ন চারটি প্যাকেজে ১০ ভাগ মূল্য বাড়িয়ে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মেডিকেল কলেজ নির্মাণের বরাদ্দের প্রথম দফায় ২০ কোটির মধ্যে ১৫ কোটি টাকা ফেরত গেছে। দ্বিতীয় দফার ১০ কোটির মধ্যে সাত কোটি টাকা ফেরত যায়। তৃতীয় দফায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে বরাদ্দকৃত ২০ কোটি টাকা নিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক শরীফ জাহাঙ্গীর আতিক বলেন, জটিলতা অনেকটা কাটিয়ে ওঠা গেছে। ইতিমধ্যে সংশোধিত উন্নয়ন প্রস্তাব পাস করা হয়েছে। গত ২৯ মে স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ চারটি প্যাকেজের প্রাক্কলিত মূল্য শতকরা ১০ ভাগ বাড়িয়ে ৬০ কোটি টাকা অনুমোদন দিয়েছেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির বলেন, মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে তা নয়। প্রথম অবস্থায় প্রকল্প তৈরিতে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। এ ছাড়া চলতি অর্থবছরে টেন্ডার করে কাজ সম্পন্ন করা সম্ভব ছিল না। এ কারণে টাকা নিতে অস্বীকৃতি জানানো হয়েছে। আশা করা হচ্ছে, সবকিছু ঠিকমতো হলে চলতি অর্থবছরে প্রথমদিকে চারটি প্রকল্পের দরপত্র আহ্বান ও কাজ শুরু করা যাবে।