দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রদলের দুই বছর মেয়াদি পাঁচ সদস্যের কমিটির মেয়াদ শেষ হলেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি না হওয়ার জন্য একে অপরকে দায়ী করছেন। এ অবস্থায় জেলাসহ বগুড়ায় ছাত্রদলের বেশির ভাগ ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ জুন সম্মেলনের মাধ্যমে পাঁচ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি ওই কমিটিতে জাহাঙ্গীর আলম সভাপতি ও শাহাবুল আলম সাধারণ সম্পাদক হন। এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি এর অধীন সব সাংগঠনিক ইউনিট পুনর্গঠন দ্রুততম সময়ে শেষ করতে বলা হয়। কিন্তু দুই বছরে জেলা কমিটির মতোই তার অধীন ২৭টি সাংগঠনিক ইউনিটের কোনোটিতেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।এমনকি জেলার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজে দেড় বছর ধরে সাংগঠনিক কর্মকাণ্ড চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। শহরের অপর শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক বছর আগে। প্রায় সাত বছর আগে মেয়াদোত্তীর্ণ বগুড়া শহর ও সদর উপজেলা কমিটির পুনর্গঠন এখনো শুরু হয়নি।নেতা-কর্মীদের অভিযোগ, শীর্ষস্থানীয় নেতারা আর্থিক সুবিধার বিনিময়ে তৃণমূলে নিজ নিজ অনুসারীদের নিয়ে দল ভারী করার প্রতিযোগিতায় নেমে পড়ায় পুনর্গঠন-প্রক্রিয়া ভেস্তে গেছে। তা ছাড়া ২৭টি সাংগঠনিক কমিটির মধ্যে যে ২২টিতে শুধু পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তাতে পদ-পদবি পাওয়া কারোরই ছাত্রত্ব নেই। তাঁরা মূলত ব্যবসা-বাণিজ্য ও ঠিকাদারি নিয়েই ব্যস্ত। যে কারণে জেলা সদরের বাইরে ছাত্রদলের অস্তিত্ব মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন্দলের কারণে দুই বছরেও কমিটি হয়নি। এর মধ্যে সভাপতি জাহাঙ্গীর আলম তিন মাস আগে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দেন। কিন্তু জেলা বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা ও ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরোধিতায় ওই কমিটি অনুমোদন পায়নি।জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতার কারণেই কমিটি হচ্ছে না। তৃণমূলের নেতা-কর্মীরা এখন নতুন করে কমিটি গঠনের দাবি তুলেছেন।সভাপতি জাহাঙ্গীর আলম জানান, সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণেই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। সাধারণ সম্পাদক শাহাবুল আলম বলেন, সভাপতির কারণেই কমিটি হচ্ছে না। সভাপতি একক সিদ্ধান্তে যে কমিটির তালিকা পাঠিয়েছেন, তার ব্যাপারে কেন্দ্রে জানানো হয়েছে। তিনি বলেন, সাধারণ সদস্যরা যদি মনে করেন নতুন কমিটি করা উচিত, তাহলে তা করা হবে। জেলার পূর্ণাঙ্গ কমিটি না হলেও দলীয় কার্যক্রম ঠিকমতো চলছে বলে দাবি করেন তিনি।