রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার দুই বছর পরও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা। হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার আয়োজিত এক মানববন্ধনে এই ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান শিক্ষকেরা।
গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, ‘দুই বছর আগে আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম, আজ আবার একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমরা এখন পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই কষ্টের। স্যার আর আমাদের মাঝে ফিরে আসবেন না ঠিক। তবে হত্যাকারীরা শাস্তি পেলে স্যারের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা একটু হলেও প্রশান্তি পাবেন।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ্, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।
২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক শফিউল ইসলামকে। পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরের মতিহার থানায় মামলা করেন। গত বছর মামলার অভিযোগপত্র দেওয়া হলেও এখনো অভিযোগ গঠন করা হয়নি।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ২০১৫ সালের ২৫ নভেম্বর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক। অভিযোগপত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আখতার রেশমার সঙ্গে শিক্ষক শফিউল ইসলামের দ্বন্দ্বের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে বলে উল্লেখ করা হয়। অভিযোগপত্রে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, আবদুস সামাদ, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, সবুজ, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমাকে আসামি করা হয়। তাঁরা গ্রেপ্তার হলেও বর্তমানে সবাই জামিনে আছেন। ওই বছর ১২ ডিসেম্বর রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।