দুই বছরেও বিদ্যালয় মেরামত হয়নি, পাঠদান ব্যাহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কমল নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি টিনশেড ঘর বিধ্বস্ত হওয়ার পর দুই বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আজ অবধি তা মেরামত করা হয়নি। তাই কখনো গাছতলায়, কখনো খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কমল নারায়ণপুর গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। সম্প্রতি এটি সরকারি করা হয়। এখানে শিক্ষক পাঁচজন ও ছাত্রছাত্রী ২৪৭ জন। ২০১৪ সালের এপ্রিল মাসের মাঝামাঝি বয়ে যাওয়া কালবৈশাখীতে বিদ্যালয়ের দুটি টিনশেড ঘর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ঘর দুটো বিধ্বস্ত অবস্থায় রয়েছে। শ্রেণিকক্ষের অভাবে তাই কখনো গাছতলায় আবার কখনো খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। মাঝে মাঝে বিধ্বস্ত ঘরেও পাঠদান করা হয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জাহিদ মিয়া ও ছাত্রী খালেদা খাতুন জানায়, রোদে কষ্ট করে ক্লাস করা যায় কিন্তু বৃষ্টির সময় পাঠদান করা হয় না। আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘শ্রেণিকক্ষ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেও কাজ হচ্ছে না। ফলে শিশু শিক্ষার্থীদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এমনকি অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এভাবে কষ্ট করে পাঠদান কঠিন হয়ে পড়েছে।’
কমল নারায়ণপুর গ্রামের অভিভাবক আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের জরাজীর্ণ দশা দেখে শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ নষ্ট হচ্ছে। অথচ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আকতার বলেন, বিধ্বস্ত বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনক আকতার জাহান বলেন, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদন পাওয়ার পর বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বিধ্বস্ত বিদ্যালয়টি সংস্কার করা হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি সংস্কারের জন্য শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কার করা হবে।