দুই বছরেও ভবন নির্মাণ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ দেওয়ার এক বছর আট মাস পরও ফেনীর নতুন জেলা কারাগারের নয়টি ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ইতিমধ্যে ৩১ কোটি টাকার প্রকল্পের ব্যয় সংশোধন করে ৩৬ কোটি টাকা করা হয়েছে।
ঠিকাদারেরা দাবি করেছেন, গণপূর্তের প্রকৌশলীরা সঠিকভাবে কাজের প্রাক্কলন তৈরি করতে না পারায় প্রাথমিক কাজ শেষ করতেই তাঁদের সময় বেশি লেগে গেছে। এ ছাড়া ভবনের নকশা পরিবর্তন ও তা অনুমোদন না করায় যথাসময়ে কাজ শুরু করা যায়নি। এ অবস্থায় নির্মাণসামগ্রীর দামও বেড়ে গেছে। এসব কারণে প্রকল্পের ব্যয়ও বেড়ে গেছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ফেনী জেলা কারাগার নির্মাণের জন্য ২০০৬ সালে সদর উপজেলার নতুন রানীরহাট বাজারের পাশে মালিপুর ও সোনাপুর মৌজার সাড়ে সাত একর জমি নির্ধারণ করা হয়। ২০০৮ সালে জেলা কারাগার প্রকল্প পাশ করা হয়। ২০১১ সালে প্রকল্প ব্যয় ধরা হয় ৩১ কোটি টাকা। ২০১২ সালের জুলাইয়ে মাটি ভরাট ও কারাগারের চার পাশের উঁচু দেয়াল (পেরিমিটার) নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক মাটি ভরাট ও মাহবুবুল হক নামে অপর এক ঠিকাদার উঁচু দেয়াল নির্মাণের কাজ পান। এ ছাড়া ভবন নির্মাণের কাজ পায় মেসার্স একরামুল হক ও বাবুল চৌধুরী নামের দুজন ঠিকাদার। ২০১৩ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই শুরুর দুই বছরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
গণপূর্ত বিভাগের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, কার্যাদেশ দেওয়ার দুই বছরে মাটি ভরাট ও উঁচু দেয়াল নির্মাণের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভবনগুলো নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। শিগগিরই পাইলিংয়ের কাজ শুরু করা হবে। বর্ষায় মাটি দেবে যাওয়ায় মাটি ভরাটের কাজ সাময়িকভাবে বন্ধ আছে।
প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, একটি ভবনের নকশা পরিবর্তন করা হয়েছে এবং দুটি ভবনের নকশা এখনো হয়নি। এদিকে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তিন বছরে প্রকল্প ব্যয় বেড়েছে পাঁচ কোটি টাকা। ফলে ২০১৪ সালে সংশোধিত প্রকল্প মূল্য ধরা হয় ৩৬ কোটি টাকা। ২০১৬ সালের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হকের ব্যবস্থাপক শম্ভু বৈষ্ণব বলেন, বৃষ্টির কারণে মাটি ভরাটের কাজ শেষ করা যায়নি। গণপূর্তের প্রকৌশলীরা সঠিকভাবে প্রাক্কলন করতে পারেননি। এ কারণে বেশি জায়গা মাটি দিয়ে ভরাট করতে হয়েছে। এতে কাজ শেষ করতে দেরি হয়েছে। বর্ষার পর ওই কাজ শেষ করা হবে। উঁচু দেয়াল নির্মাণের বিষয়ে মাহবুবুল হক বলেন, ভবনগুলো নির্মাণের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক আছে। ওই কাজ শুরু না হওয়ায় তিনি কাজ শেষ করতে পারছেন না।
বাবুল চৌধুরী বলেন, প্রাথমিক (মাটি ভরাট) কাজই শেষ হয়নি। এ কারণে পাইলিংয়ের কাজ শেষ করতে বেশি সময় লেগে গেছে। তিনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এ ব্যাপারে মেসার্স একরামুল হকের ব্যবস্থাপক বলেন, নকশা অনুমোদনে দেরি হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। দুটি ভবনের নকশা অনুমোদন হয়নি। কাজ শুরু করতে দেরি হওয়ায় ২০১১ সালের দরে এখন আর কাজ করা সম্ভব না। এ কারণে প্রকল্পে ব্যয় বেড়ে গেছে।
ফেনীর বর্তমান কারাগারটি শহরের কেন্দ্রস্থল ফেনী সরকারি কলেজের পাশে অবস্থিত। ১৮৭৬ সালে মাত্র দুজন বন্দী রাখার জন্য সেখানে একটি ব্যারাক নির্মাণ করা হয়। পরে সেটি ফেনী মহকুমা কারাগারে উন্নীত হয়। ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর সম্প্রসারণ করে এ কারাগারের বন্দী ধারণক্ষমতা করা হয় ১৭২। কিন্তু গতকাল (৩১ আগস্ট) বন্দী ছিলেন ৬১৫ জন।
ফেনী কারাগারের কারাধ্যক্ষ দিদারুল আলম বলেন, কখনো কখনো বন্দীর সংখ্যা ৭০০ হয়ে যায়। তখন কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। নতুন কারাগারের নির্মাণকাজ দ্রুত শেষ হলে তাঁদের অনেক সুবিধা হবে।