দুই বছরেও ভবন নির্মাণ শুরু হয়নি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরেও সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা জেলার প্রধান শাখা কার্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে পুরোনো ভবনের জানালা, দরজা, লোহার গ্রিলসহ বিভিন্ন সামগ্রী খোয়া যাচ্ছে। পাশাপাশি এক কিলোমিটার দূরে ভাড়া বাড়িতে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হওয়ায় সেখানে যাতায়াত করতে গিয়ে গ্রাহক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ভোগান্তি পোহাচ্ছেন।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের পার্ক রোডের সোনালী ব্যাংকের নিজস্ব জায়গায় নির্মিত তিনতলা ভবনে ১৯৭২ সালে প্রধান শাখার কার্যক্রম শুরু হয়। পরে এই ভবনের আশপাশে ন্যাশনাল, উত্তরা, পূবালী, জনতা, অগ্রণী, ইসলামী ব্যাংকের শাখা গড়ে ওঠে। এই শাখায় অন্যান্য ব্যাংকের টাকা গচ্ছিত রাখা হতো। শাখাটি প্রধান ব্যাংক (লিড ব্যাংক) হিসেবে পরিচালিত হচ্ছে। একসময় সংস্কারের অভাবে ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ২০১১ সালের ২০ নভেম্বর শাখাটি এখান থেকে এক কিলোমিটার দূরে শহরের বাসটার্মিনাল এলাকায় স্থানান্তর করা হয়। কিন্তু দুই বছর দুই মাস অতিবাহিত হলেও নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে পুরোনো ভবনের জানালা, দরজা, লোহার গ্রিলসহ অন্যান্য জিনিসপত্র খোয়া যাচ্ছে।

গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সোনালী ব্যাংকের পার্ক রোডের শাখাটির আশপাশেই বিভিন্ন মার্কেট ও ছোটবড় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীরাও হাতের কাছে নিরাপদে টাকা লেনদেন করতে পারতেন। কিন্তু বর্তমানে বাসটার্মিনাল এলাকায় ব্যাংকের শাখায় যাতায়াত করতে গেলে তীব্র যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয়।

অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখার ক্যাশিয়ার আবদুল মালেক বলেন, ‘আমাদের শাখাসহ অন্যান্য ব্যাংকের টাকাও এই ব্যাংকে রাখা হয়। আগে হাতের কাছেই শাখাটি ছিল। নিরাপদে টাকা লেনদেন করা সম্ভব হতো। এখন এক কিলোমিটার দূরে থাকায় পুলিশি পাহারায় টাকা আনা-নেওয়া করতে হচ্ছে। তার পরও ঝুঁকি থেকে যায়।’

সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক আবদুল কুদ্দুস বলেন, শহরের পার্ক রোডে পুরোনো ভবনের জায়গায় চারতলা ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমতি পাওয়া গেছে। কিন্তু নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই।

সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবদুস সামাদ জানান, ভবন নির্মাণের কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার তাগাদা দিয়েও কোনো ফল হচ্ছে না।