দুই বছরেও ভাঙা হয়নি হেলে পড়া ভবনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম রেসকোর্স এলাকার জাফর খান সড়কের লাগোয়া ‘ভূঁইয়া হাউস’ নামের পাঁচতলা ভবনটি হেলে পড়ে দুই বছর আগে। এরপর ওই ভবনের মালিককে সেটি অপসারণের জন্য কয়েক দফা চিঠি দেওয়া হয়। কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ হয়নি।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৬ সালে নগরের পশ্চিম রেসকোর্স এলাকার আবদুল আমিন ভূঁইয়া তৎকালীন কুমিল্লা পৌরসভা থেকে চারতলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেন। তিনি চারতলা ভবন অনুমোদন নিয়ে পাঁচতলা ভবন নির্মাণ করেন। ২০১১ সালের ১৬ জুন ভবনটি হেলে পড়ে। ২০১১ সালের ২৩ জুন তৎকালীন জেলা প্রশাসক ভবনটি অপসারণের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। কিন্তু ভবনটি অপসারণ করা যায়নি।
সিটি করপোরেশনের প্রকৌশলীরা জানান, শর্ত অনুযায়ী ভবন নির্মাণের সময় সীমানা থেকে যথাক্রমে উত্তর ও দক্ষিণে ১ দশমিক ২৫ মিটার, পূর্বে ১ দশমিক ৫২ মিটার ও পশ্চিমে ১ দশমিক ৭৫ মিটার জায়গা রাখার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা রাখা হয়নি। তার ওপর দুর্বল ভিত্তির কারণে ভবনটি হেলে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গত দুই বছরে ঝুঁকিপূর্ণ ওই ভবন অপসারণের জন্য কয়েক দফা চিঠি চালাচালি করা হয়। এতে সাড়া দেননি ‘ভূঁইয়া হাউস’-এর মালিক আবদুল আমিন ভূঁইয়া। এ অবস্থায় ভবনটি ভেঙে ফেলার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আবারও গত ৯ মে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও পুলিশ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। একই সঙ্গে ভবনের মালিককে ওই বাসার সব আসবাব অপসারণের জন্য চিঠি দেন। অন্যথায় মালামালসহ ভবনটি সিলগালা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, ১৩ মে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইকবাল হোসেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। ম্যাজিস্ট্রেট নিয়োগ হলেও অজ্ঞাত কারণে ওই ভবন আর ভাঙা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২১ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ করপোরেশনের দাপ্তরিক নথিতে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভবনের লোকজনের কোনো সমস্যা হলে ‘আমি দায়ী নই’ মর্মে ফাইলে নোট দেন। একই নোটে ২৯ জুলাই মেয়র মনিরুল হক লেখেন, ‘ঈদের পরে ব্যবস্থা নেওয়া হবে’।
এদিকে গত জুলাই মাসে ঝুঁকিপূর্ণ ভবনটি যে ভবনের ওপর হেলে পড়েছে, সেই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কুমিল্লা সিটি করপোরেশন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনটির পাঁচতলার কিছু অংশ ভাঙা হয়েছে। এলাকাবাসী বলেন, ভবনটি অপসারণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভবনের মালিক আবদুল আমিন ভূঁইয়ার ছেলে আবু সায়েম ভূঁইয়া বলেন, ‘আমরা চারতলার অনুমোদন নিয়ে নকশাবহির্ভূতভাবে পাঁচতলা করেছি। এখন পাঁচতলার কিছু অংশ ভেঙেছি। বাকি অংশ ভাঙব না। ওই অংশের ভিত্তি ঠিক আছে। বর্তমানে ওই ভবনে ১৫টি ফ্ল্যাট রয়েছে। এর নয়টিতে ভাড়াটে থাকেন।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ওই ভবনটি অপসারণ করতে হবে। ইতিমধ্যে কিছু অংশ ভাঙা হয়েছে। তিনি বলেন, পাশের ভবনের মালিককে ভুলক্রমে চিঠি দেওয়া হয়েছে। পরে সেটি প্রত্যাহার করা হয়। মেয়র বলেন, নানা কারণে ভবনটি অপসারণ করতে সময় লাগছে।