সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা দুই বছর পার হলেও এখন পর্যন্ত কোনো মামলার তদন্ত শেষ হয়নি। ওই ঘটনায় পৃথক আটটি মামলা হলেও ছয়টিই ফাইলবন্দী অবস্থায় পড়ে আছে। দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ট্রেনে আগুন দেওয়ার মূল মামলাসহ তিনটি মামলা পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) হাতে হস্তান্তর করা হয়েছে। তিনটি মামলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের হাতে রয়েছে।২০১০ সালের ১১ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আয়োজিত সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে মূলিবাড়ি রেলগেটসংলগ্ন মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের সময় ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ কর্মী ও সমর্থকেরা ট্রেনে আগুন দেন। ওই ঘটনায় আন্তনগর দ্রুতযান এক্সপ্রেসের ১১টি বগিই পুড়ে যায়।সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও সিআইডি সূত্রে জানা গেছে, ট্রেনে আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে র্যাব, পুলিশ, রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন পৃথক মামলা করে। এর মধ্যে স্থানীয় আইনজীবী গোলাম হায়দারের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে আসামি করা হয়। বাকি মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। ট্রেন পোড়ানোর মূল মামলাসহ তিনটি মামলা সিরাজগঞ্জ জিআরপি থানায় এবং বাকি পাঁচটি মামলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় করা হয়।তবে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা করা হয়নি। তদন্ত কর্মকর্তারাও বিষয়টি আমলে নেননি। বিভিন্ন সময় আট মামলার আসামি হিসেবে ৭৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁরা সবাই জামিনে রয়েছেন।ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। এসব কমিটি তদন্ত শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছে। কয়েক মাস আগে মূল মামলাসহ তিনটি মামলা সিরাজগঞ্জ জিআরপি থানা থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে তদন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মূল মামলাগুলো সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। পাঁচটি মামলার মধ্যে পুলিশ ও র্যাবের করা দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনার নথিপত্র তিন মাস আগে পাওয়া গেছে। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ূন কবীর জানান, আট মামলার দুটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।