মেধাবী ১২০ শিক্ষার্থী প্রাণীর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে। কিন্তু গত দুই বছরেও তাঁরা কলেজের শিক্ষকের দেখা পাননি। ভেটেরিনারি সার্জন (ভিএস), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের (ইউএলও) প্রেষণে (ডেপুটেশন) এনে তাঁদের ক্লাস নেওয়া হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় কুমড়াবাড়িয়া ইউনিয়নে লেবুতলা গ্রামে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে প্রায় ১১ একর জমির ওপর ২০০৮ সালে কলেজের নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে কাজ শেষ হয়। নির্মাণ করা হয় একাডেমিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ইন্টার্নদের বসবাসের জন্য ভবন, অতিথি ভবন, কর্মকর্তা-কর্মচারী ভবন, প্রাণী হাসপাতালসহ একাধিক অবকাঠামো।
২০১৩ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির উদ্বোধন করেন। এরপর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ওই ব্যাচে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হন। পরের ব্যাচে ভর্তি হন আরও ৬০ জন। এখন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও চলছে। কিন্তু আজও কলেজটিতে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজটিতে শিক্ষক নিয়োগ না হওয়ায় মানসম্মত শিক্ষা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এখন তাঁরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এ কারণে তাঁরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে এ কলেজটি ঘোষণা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ জন্য তাঁরা মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলনও করছেন। ওই দাবিতে সর্বশেষ গতকাল রোববার ঝিনাইদহ প্রেসক্লাবে তাঁরা সংবাদ সম্মেলন করেন।
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুস সামাদ বলেন, তিনি প্রাণীর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছেন। কিন্তু আজও শিক্ষক পেলেন না। ভিএস, ডিএলও ও ইউএলওদের ধার করে এনে তাঁদের ক্লাস নেওয়া হচ্ছে। তাও প্রয়োজনের তুলনায় খুবই কম ক্লাস নেওয়া হচ্ছে। এখন তাঁরা ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। শিক্ষার্থী লুবান মাহফুজ বলেন, পাঁচ বছরের কোর্স তাঁদের।
তাঁদের দুই ব্যাচে ভালোভাবে ক্লাস নিতে ২০ থেকে ২৫ জন শিক্ষকের প্রয়োজন। কিন্তু এখনো কলেজে একজনও শিক্ষক নিয়োগ করা হয়নি। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তাদের প্রেষণে এনে ক্লাস নেওয়া হচ্ছে। তার সংখ্যাও খুবই কম। ১০ থেকে ১২ জনকে দিয়ে চালানো হচ্ছে প্রতিষ্ঠানটি। এ কলেজটি পাশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে রূপান্তর করা হলে শিক্ষক সমস্যার সমাধানসহ পড়ালেখার সুন্দর পরিবেশ ফিরে আসবে।
কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, কলেজটিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। বর্তমানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ যাঁরা ক্লাস নিচ্ছেন, তাঁরা সবাই প্রেষণে কাজ করছেন। পিএসসি এই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও চলছে। তবে কলেজটি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত হলে অবশ্যই ভালো হয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, শিক্ষক নিয়োগ না হলেও যাঁরা ক্লাস নিচ্ছেন তাঁরা সবাই যোগ্য। এই নিয়োগ পিএসসি করে থাকে, ফলে তাঁদের কিছু করার নেই।