টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ দুই বছরেও শুরু হয়নি। তদন্তে গাফিলতি ও উচ্চ আদালতে আসামিপক্ষের রিট ও বিচারিক আদালতে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বারবার সাক্ষ্য পিছিয়েছে। বাদীপক্ষের আশঙ্কা, তারা ন্যায়বিচার পাবে না।
২০১৪ সালের ৬ অক্টোবর রাতে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন। এতে বলা হয়, বড় মেয়ে মনিরার সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে দিতে রাজি না হওয়ায় তিনি সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে মামলার এজাহারভুক্ত আসামি ও সন্দেহভাজন ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এর মধ্যে জাহাঙ্গীর ও তাঁর চাচাতো ভাই এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে এ দুজন বাদে সবাই জামিনে আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত গত বছরের ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীর, নুর মোহাম্মদ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পেট্রল সরবরাহের অভিযোগে মির্জাপুরের মাছরাঙা ফিলিং স্টেশনের চার কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে ২৫ মার্চ বাদী মোফাজ্জল হোসেন নারাজি আবেদন দেন। আবেদনের ওপর শুনানিকালে তিনি আদালতকে বলেন, এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেন।
সিআইডির এসআই সোহরাব হোসেন গত বছরের ৩ ডিসেম্বর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। এতে আগের আসামিদের সঙ্গে প্রতিবেশী ইসমাইল হোসেন ও আবদুস সামাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধেও নারাজি দেন বাদী মোফাজ্জল। আবেদনের শুনানিতে তিনি বলেন, হত্যাকাণ্ডে হারুন অর রশিদ ওরফে রাজীব নামের আরেক প্রতিবেশী সহযোগিতা করেন বলে আসামি নুর মোহাম্মদ আদালতে স্বীকারোক্তি দিলেও অভিযোগপত্রে তাঁর নাম নেই। এরপর আদালত ২৮ মার্চ পুনরায় শুনানি করেন ও সপ্রণোদিত হয়ে হারুন অর রশিদকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে মামলাটি বিচারিক আদালতে পাঠান।
১৬ জুন মামলার অভিযোগ গঠন করা হয়। কিন্তু আসামি হারুন অর রশিদ উচ্চ আদালতে রিট করেন। ১৯ জুলাই, ১৬ আগস্ট ও ৩১ আগস্ট রাষ্ট্রপক্ষ সাক্ষীদের আদালতে হাজির করে। কিন্তু আসামিদের সময় বাড়ানোর আবেদন এবং উচ্চ আদালতের নির্দেশনার কারণে শেষ পর্যন্ত সাক্ষ্যগ্রহণ শুরু করা হয়নি।
টাঙ্গাইল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান বলেন, হারুন অর রশিদের রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেন। বিষয়টি জানার পর ৩১ আগস্ট টাঙ্গাইল আদালত ওই দিন সাক্ষ্য নেননি। আদালত আগামী ১৭ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।
বাদী মোফাজ্জল হোসেন বলছেন, ঘটনার দুই বছর পার হয়ে গেলেও সাক্ষ্যগ্রহণ আজও শুরু হলো না। তা ছাড়া সম্পূরক অভিযোগপত্রে ইসমাইল ও সামাদের নাম থাকলেও তাঁদের বিরুদ্ধে কেবল ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব কারণে মামলার ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত।