দুই বছরেও শেষ হয়নি দুদকের অনুসন্ধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর টাকা পাচারের অভিযোগের তদন্ত দুই বছরেও শেষ করতে পারেনি দুদক। অথচ মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া ব্যাহত করতে তিনি আড়াই কোটি ডলার বা প্রায় ২০০ কোটি টাকা পাচার করেন বলে অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে ইতিমধ্যে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তথ্য জানতে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনগত সহযোগিতা অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট-এমএলএআর) পাঠানো হয়েছে।
দুদকের সূত্রগুলো জানায়, মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া ব্যাহত করতে লবিস্ট নিয়োগ করে মীর কাশেম আলী অর্থ পাচার করেছেন বলে আইন মন্ত্রণালয়ের এক অনুসন্ধানে বেরিয়ে আসে। এতে বলা হয়, প্রায় ২০০ কোটি টাকা (আড়াই কোটি ডলার) চুক্তিতে মার্কিন লবিস্ট ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে নিযুক্ত করেন জামায়াতের এই শীর্ষস্থানীয় নেতা।
দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ মে ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি করেন মীর কাশেম আলী। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সাবেক মার্কিন কংগ্রেসম্যান মার্টিন রুশো। তিনি ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহীও।
আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানে পাওয়া নথির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ এবং লবিং করাসহ মীর কাশেম আলীর উদ্দেশ্য সফলের জন্য এ চুক্তি হচ্ছে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়। চুক্তিতে মীর কাশেম আলী এবং লবিস্ট ফার্মের পক্ষে অ্যান্ড্রু জে ক্যামেরুজ সই করেন।
২০১০ সালের ৬ অক্টোবর থেকে ২০১১ সালের ৫ এপ্রিল পর্যন্ত আড়াই কোটি ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি মীর কাশেম আলীর পক্ষে কাজ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। প্রয়োজনে পরবর্তী ছয় মাসের জন্য চুক্তির মেয়াদ আরও আড়াই কোটি ডলার বাড়ানো যাবে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়। দুদকে পাঠানো আইন মন্ত্রণালয়ের নথির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া অঙ্গরাজ্যের আইন মেনে এ চুক্তি হয়। চুক্তির শর্ত পূরণে প্রতিষ্ঠানটিকে মীর কাশেম আলী ১৮২ কোটি টাকার রেমিট্যান্স স্লিপ পাঠান বলে অভিযোগে উল্লেখ আছে।
পরবর্তী সময়ে সিটি ব্যাংক এনএর মাধ্যমে ইলেকট্রনিক মানি ট্রান্সফার করে চুক্তির অর্থ কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের হিসাবে (হিসাব নম্বর সিএমজিআরপি.আইএনসি ৩০৭১৭২৪৮। সুইফট কোড: সিটি ইউএস ৩৩) পাঠানো হয় বলেও আইন মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ করা হয়।
বিষয়টি আরও অনুসন্ধানে দুদকে পাঠানো হলে ২০১২ সালের ২৩ আগস্ট অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। উপপরিচালক নূর হোসেন খানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নূর হোসেন খান দীর্ঘ দুই বছর এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তথ্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েও কোনো কূল-কিনারা করতে পারেনি। সিটি ব্যাংক-এনএর মাধ্যমে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি।
অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক টাকার বিষয়ে নিশ্চিত হতে না পারায় ওই টাকা অন্য কোনো দেশ থেকে লবিস্ট ফার্মটির কাছে পাঠানো হতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে কোথা থেকে, কোন ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে, সে বিষয়ে পরিষ্কার নন।
পরবর্তী সময়ে নূর হোসেন খান দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ে বদলি হয়ে গেলে, গত আগস্ট মাসে অভিযোগটির অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সংস্থার আরেক উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে। তিনি দায়িত্ব নিয়ে এমএলএআর পাঠানোর জন্য কমিশন বরাবর আবেদন করেন। দুদক চেয়ারম্যান এমএলএআর পাঠানোর বিষয়টি স্বীকার করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএলএআর পাঠাতে হয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে। কমিশনের অনুরোধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সংশ্লিষ্ট দেশে এ অনুরোধ পাঠানো হয়।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেলে অনুসন্ধান-প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। গুরুত্বপূর্ণ এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য ও আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পাশাপাশি সরকার ও রাজনৈতিক উদ্যোগও জরুরি বলে মনে করছেন তাঁরা।