দুই বছরেও শেষ হয়নি পুনর্নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-লাকসাম রেলপথের সাতটি স্টেশনের পুনর্নির্মাণ (রি-মডেলিং) ও সংস্কারের কাজ দুই বছরেও শেষ হয়নি। ৩০ শতাংশ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাসেম কনস্ট্রাকশন উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসামের চিতোষী থেকে চাঁদপুর কোর্ট স্টেশন পর্যন্ত—সাতটি স্টেশন পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারকাজের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। এগুলোর মধ্যে চিতোষী, মেহের, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড ও সাহাতলী—এই ছয়টি পুরোনো স্টেশন ভেঙে নতুন স্টেশন ভবন এবং চাঁদপুর কোর্ট স্টেশনটি সংস্কারকাজের অন্তর্ভুক্ত।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রায় আট কোটি টাকা ব্যয় ধরে এসব স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের কাশেম কনস্ট্রাকশন ২০১২ সালের ২৭ জানুয়ারি কাজ শুরু করে। ২০১৩ সালের ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ৭০ ভাগ কাজ অসমাপ্ত রেখে চলে যায়। সম্প্রতি মেহের স্টেশনের কাজ আবার শুরু করা হয়। কিন্তু দুই দিন পর আবার সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও কাশেম কনস্ট্রাকশনের পরিচালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে এই কাজের তদারকির দায়িত্বে থাকা লাকসামের রেলওয়ে উপসহকারী প্রকৌশলী রামনারায়ণ ধর বলেন, ‘ঠিকাদার উধাও হননি। ২০১৪ সালের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।’

এ ব্যাপারে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ ও রি-মডেলিং প্রকল্প কর্মকর্তা মো. আবিদুর রহমান জানান, বাকি কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। তারা শিগগিরই আবার কাজ শুরু করবে। দুই মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। তা না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।