দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনেশ্বরী নদীর রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী খেয়াঘাট এলাকায় দুই বছর আগে শুরু হওয়া একটি সেতুর নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এতে উপজেলার ৫০টি গ্রামের ৭০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ঠিকাদারের গাফিলতির কারণে এর কাজ শেষ হয়নি বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতুর অভাবে সয়ার ও হাড়িয়ালকুটি ইউনিয়নের ৫০টি গ্রামের লোকজনকে সাত কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এতে যাতায়াত ব্যয় ও ভোগান্তি বাড়ছে। হাড়িয়ালকুটি ইউনিয়নের লোকজনকে ডাঙ্গিরহাট হয়ে একরচালী দিয়ে এবং সয়ারের লোকজনকে পাঁচআনি দিয়ে বাড়াতিরবাজার হয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে। এতে ওই গ্রামগুলোর কৃষক, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে ৮০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের জন্য ২০১০ সালের অক্টোবরে এক কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। লালমনিরহাটের হাকিম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। ২০১১ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের কাজ হাকিম ট্রেডার্স পেলেও কাজটি করছেন সৈয়দপুর উপজেলার ঠিকাদার জয়নাল আবেদীন। তিনি ২০১০ সালের অক্টোবরে কাজ শুরু করেন। ২০১১ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও তিনি ধীরে ধীরে কাজ করতে থাকেন। সর্বশেষ ছয় মাস আগে তিনি কাজ বন্ধ করে দেন।এই অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন জানান, নদীতে পানি বেশি থাকায় এবং বিল না পাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। সেতুর বাকি কাজ আগামী মার্চের মধ্যে শেষ করা হবে।সরেজমিনে দেখা যায়, সেতুর অর্ধেক কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত সেতুর আটটি পিলার ও ওপরের অংশের কিছু কাজ করা হয়েছে। খেয়াঘাটের ওপরে কিছু পাথর ও বালু ফেলে রাখা হয়েছে। সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘ঠিকাদারকে বহুবার অনুরোধ করেছি। তিনি কথাও দিয়েছেন। কিন্তু এখনো কাজ শেষ না হওয়ায় আমাকে প্রতিনিয়ত জনগণের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’উপজেলা প্রকৌশলী সফিউর আলম জানান, সেতুর ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার চাপ দেওয়া হচ্ছে।