দুই বছরেও সংস্কার হয়নি ভাঙাচোরা সেতুটি
বাগেরহাটের মংলা পৌরসভার কাটাখালের ভাঙা কাঠের সেতুটি দুই বছরেও সংস্কার করা হয়নি। ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই পৌরসভা ও উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষকে মংলা শহরে যাতায়াত করতে হয়।
সেতুটি নিয়ে গত বছরের ৩ এপ্রিল ‘মংলায় খালের ওপর ভাঙাচোরা সেতু, দুর্ভোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর উত্তর দিকে চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা গ্রাম। দক্ষিণ দিকে মংলা বন্দর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড। সেতুর অধিকাংশ স্থানই ভেঙে গেছে। সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। লোকজনকে অনেক সাবধানে সেতু পার হতে হয়। পারাপারের ক্ষেত্রে শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
নারকেলতলা গ্রামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত রায় জানান, পৌরসভা ও চাঁদপাই ইউনিয়নের জয় খাঁ, পাকখালী, মাকঢ়ঢোন, মাছমারা ও নারকেলতলা গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দাকে এ সেতু পার হয়ে মংলা শহরে যাতায়াত করতে হয়। ২০১২ সাল থেকে সেতুতে ভাঙন শুরু হওয়ার পর থেকে এ এলাকার মানুষ খুবই সমস্যার মধ্যে আছে। এটি সংস্কারের দাবিতে মানববন্ধন এবং পৌরসভার মেয়রের কাছে কয়েক দফা স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি।
একই গ্রামের গঠন এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষক প্রীতি রায় বলেন, দুই পারের পাঁচ শতাধিক শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ সেতুটি পার হয়ে প্রতিদিন বিদ্যালয় ও কলেজে যাতায়াত করে। বর্ষায় সেতুটি দিয়ে বাচ্চা ছেলেমেয়েদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
চাঁদপাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘আমাদের সীমানাভুক্ত না হওয়া সত্ত্বেও আমাদের ইউনিয়নের উদ্যোগে ২০১০ সালে একবার সেতুটি মেরামত করা হয়। এরপর ২০১২ সালে ভাঙনের পর পৌর কর্তৃপক্ষ এটি মেরামতে কোনো পদক্ষেপই নিচ্ছেন না।’
মেয়র জুলফিকার আলী বলেন, ‘সেতুটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দে মেরামত করার কথা। কিন্তু তহবিল না থাকায় সম্ভব হয়নি। আমরা অন্য কাজ বন্ধ রেখে সেতুটি নতুন করে নির্মাণ করতে একটি প্রাক্কলন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন হলেই সেতুটি পুনর্নির্মাণ করা হবে।’