দুই বছরেও সন্ধান মেলেনি শ্রাবন্তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রাবন্তী আক্তার
শ্রাবন্তী আক্তার

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে অপহরণের দুই বছরেও সন্ধান মেলেনি শিশু শ্রাবন্তী আক্তার সোহাগীর। শ্রাবন্তী মাধবদী পৌর এলাকার মনোহরপুর মহল্লা থেকে নিখোঁজ হয়েছিল। সে মনোহরপুর মহল্লার আজিজুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ অক্টোবর মনোহরপুর এলাকার বাড়ি থেকে প্রতিবেশীর ভাড়াটিয়া লাল চান ও তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম শ্রাবন্তীকে (৪) নিয়ে পালিয়ে যান। এ ঘটনার চার দিন পর শ্রাবন্তীর বাবা আজিজুল সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুরুর দিকে পুলিশ কিছুটা তৎপর থাকলেও ঘটনার তিন মাস পর নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় চট্টগ্রাম মহানগর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল। পরে গ্রেপ্তার ব্যক্তি আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যান। পরবর্তী সময়ে মামলার তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। কিন্তু শ্রাবন্তীর কোনো সন্ধান মেলেনি।
গতকাল শনিবার দুপুরে মনোহরপুর নতুন বাজারের পাশে শ্রাবন্তীদের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবা আজিজুল ইসলাম ও মা হালিমা বেগমের সঙ্গে। আজিজুল বলেন, ‘অপহরণকারীরা টাকাপয়সা কিছুই চায়নি। শুধু আমার মাইয়াডারে নিয়ে পালাইয়া গেছে। এহন মাইয়াডা কিমুন আছে, বাঁইচা আছে না মইরা গেছে কিছুই জানি না। খরচ দিতে পারি না বইলা পুলিশ কোনো কাজ করে না। ফোন দিলে তাও ধরে না।’
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান বলেন, ‘মামলাটির তদন্তভার অনেক পরে ডিবি পায়। তারপরও অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রাবন্তীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।’