দুই বছরেও সেতু মেরামত করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী এলাকায় পোনা নদীর ওপর নির্মিত সেতুটি প্রায় দুই বছর আগে ভেঙে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি। এ কারণে উপজেলার চার গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে উপজেলার ধাওয়া ও ইকড়ি ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আতরখালী-পশারিবুনিয়া এলাকায় থাকা পোনা নদীর ওপর একটি ১৪০ ফুট দীর্ঘ পাকা সেতু নির্মাণ করা হয়।ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, সেতুর দুই পাশে বাজার, মসজিদসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেতুটি ভাঙা থাকায় লোকজনকে খেয়া নৌকায় নদী পার হতে হয়।পশারিবুনিয়া এলাকার মুনসুর আলী বলেন, ভাঙা সেতু থেকে লোকজন লোহালক্কড় খুলে নিয়ে যাচ্ছে। এ ছাড়া নদীর মধ্যে সেতুর ভাঙা অংশ পড়ে আছে। এগুলো সরিয়ে না ফেললে নৌকা বা ট্রলার যাওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে।ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন বলেন, ‘ভান্ডারিয়া উপজেলা সদরে অল্প সময়ে যাতায়াত করতে সেতুটি খুব জরুরি। সেতুটির দুরবস্থার কথা উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপন করেছি। কিন্তু কোনো প্রতিকার হয়নি।’উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান জানান, ধাওয়া-ইকড়ি সড়কের আতরখালী এলাকার ভাঙা সেতুটি নতুনভাবে করার জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। নকশা অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন। নকশা হাতে পেলে প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করা হবে।