দুই বছরেও হদিস মেলেনি স্বেচ্ছাসেবক লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘র‍্যাব-পুলিশ ও দলীয় বড় বড় নেতার কাছে দুই বছর ধরে ধরনা দিয়েছি। তাঁদের পায়ে ধরেছি। বলেছি, আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। যদি সে কোনো দোষ করে থাকে, আইনের মাধ্যমে তারে কারাগারে দেন। তবুও সান্ত্বনা পাব। কিন্তু পুলিশ দায়সারা কথা বলে। দলীয় নেতারাও নিশ্চুপ।’

গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা তাইজাল হোসেন এভাবেই তাঁর ছেলে সাজ্জাদ হোসেনকে ফিরে না পাওয়ার বেদনার কথা গণমাধ্যমকর্মীদের বলেন। নিখোঁজের দুই বছরপূর্তি উপলক্ষে শহরের পরিমল টাওয়ারের চতুর্থ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য সাজ্জাদের মা, স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

গাজীপুরের শ্রীপুর থানার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে ২০১৫ সালের ২০ আগস্ট গভীর রাতে তাইজালের ছেলে সাজ্জাদ হোসেনকে র‍্যাব পরিচয়ে অপহরণের অভিযোগ রয়েছে। সাজ্জাদ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সাজ্জাদের স্বজনদের অভিযোগ, সেই রাতে র‍্যাব পরিচয়ে রিসোর্ট-মালিকসহ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামানকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট-মালিক ও আক্তারুজ্জামানকে কয়েক দিন পর ছেড়ে দেওয়া হয়। তবে র‍্যাব বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে।

সাজ্জাদের বাবা আরও বলেন, ‘এই শহরে অনেক বড় বড় নেতা হয়েছেন। আমার ছেলেও রাজনীতি করছিল। ১৫ আগস্ট একটা খুনের ঘটনাকে কেন্দ্র করে ছেলেকে দলের লোকজন পালিয়ে যেতে বলেন। এরপর থেকে সে নিখোঁজ। আজও তার হদিস পাওয়া যায়নি।’

সাজ্জাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, সাজ্জাদকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় শীর্ষ নেতাদের দ্বারস্থ হতে হতে তাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন। সবাই আশ্বাস দেন সাজ্জাদ ফিরে আসবেন। কিন্তু আজও তাঁর স্বামীকে ফিরে পাননি। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক।’

২০১৫ সালের ১৫ আগস্ট শহরের মজমপুর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া শেষে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় সবুজ হোসেন নামে যুবলীগের এক কর্মী নিহত হন। ওই হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজ্জাদকে প্রধান আসামি করা হয়। এরপর তিনি কুষ্টিয়া থেকে গাজীপুরে আশ্রয় নেন।