দুই বছরেও হামলাকারীরা গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় সাংবাদিক এ বি এম ফজলুর রহমানকে কুপিয়ে জখম করার দুই বছরেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জেলার সাংবাদিকেরা গতকাল সোমবার মানববন্ধন করেছেন।
শহরের আবদুল হামিদ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়৷ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরাও এতে অংশ নেন৷
সাংবাদিক এ বি এম ফজলুর রহমান জানান, ঘটনার পরদিন ২০১২ সালের ২০ মে তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর ৩৪ দিন পর কাজী সালাউদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি থানায় গিয়ে হামলাকারী হিসেবে তাঁকে শনাক্ত করেন। কিন্তু পুলিশ তাঁকে এ মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ৪৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়। এর পর থেকে পুলিশের কোনো তৎপরতা নেই৷
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে৷
২০১২ সালের ১৯ মে একদল সন্ত্রাসী সংবাদের তথ্য দেওয়ার কথা বলে ফজলুর রহমানকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে নিয়ে কুপিয়ে জখম করে।