দুই বছরের এলএলবি কোর্স বন্ধে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদি এলএলবি কোর্স বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ওই কোর্সে সনদ পাওয়া খান এ সালামসহ পাঁচ শিক্ষার্থীর (তৃতীয় ব্যাচ) রিট আবেদন নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয়। একই সঙ্গে রিট আবেদনকারীদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে।পাঁচ শিক্ষার্থীর পক্ষে আদালতে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে আইনজীবী এ বি এম বায়েজীদ শুনানি করেন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এম আই ফারুকী। তাঁকে সহায়তা করেন আইনীজীবী নাজনীন নাহার।এ বি এম বায়েজীদ প্রথম আলোকে বলেন, আদালত বিশ্ববিদ্যালয়টির দুই বছর মেয়াদি এলএলবি কোর্স বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রিট আবেদনকারী প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।আইনজীবীরা জানান, ২০০৭ সালে দুই বছরের এলএলবি কোর্স চালুর জন্য ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মঞ্জুরি কমিশন অনুমোদন দেয়নি। পরে তারা আবার আবেদন করলে অনুমোদন পায়নি। কিন্তু এর মধ্যে তারা কোর্স চালু করে দেয়। গত বছর ওই কোর্স থেকে উত্তীর্ণ হয়ে রিট আবেদনকারীরা বার কাউন্সিলে আইনজীবী হওয়ার জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। তবে বিনা অনুমতিতে এ কোর্স চালু করা হয়েছে বলে ইউজিসি বার কাউন্সিলকে চিঠি দেয়। তবে শিক্ষার্থীদের ফল প্রকাশ না করার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর ১৭ জানুয়ারি তাঁরা হাইকোর্টে রিট আবেদন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানির পর গতকাল আদালত রায় ঘোষণা করেন।