দুই বছরের কম বয়সীর প্রধান রোগ ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দুই বছর বয়সী শিশুদের মধ্যে ব্রংকিউলাইটিসের প্রাদুর্ভাব বেশি। ব্রংকিউলাইটিস চিকিত্সায় অ্যান্টিবায়োটিকের দরকার নেই। সম্প্রতি প্রকাশিত দুটি গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। তবে সরকারের সর্বশেষ হিসাবে আগের মতোই বলা হচ্ছে, এ বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ বেশি।শিশু ও মাতৃস্বাস্থ্য প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী পরিচালক এ আর এম লুত্ফুল কবীরের তত্ত্বাবধানে দুটি গবেষণা চালানো হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায় সবারই সাধারণ ধারণা, নিউমোনিয়া শিশুদের শ্বাসকষ্টের প্রথম ও প্রধান কারণ। কিন্তু আমরা প্রমাণ করেছি, নিউমোনিয়া নয়, ব্রংকিউলাইটিসই শিশুদের শ্বাসকষ্টের প্রধান কারণ। আর ব্রংকিউলাইটিস চিকিত্সায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই।’২০০৯ সালে দেশের ৪২টি হাসপাতালে (থানা স্বাস্থ্য কমপ্লেক্স ১২, জেলা সদর হাসপাতাল ১২, মেডিকেল কলেজ হাসপাতাল ১৪ ও বিশেষায়িত হাসপাতাল ৪) চিকিত্সা নিতে আসা পাঁচ বছরের কম বয়সী পাঁচ হাজার ১৫৭টি শিশুর তথ্য সংগ্রহ করেন একদল চিকিত্সক। তাঁরা শিশুর শ্বাসতন্ত্রের রোগের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরা দেখেন, ৭৫ শতাংশ শিশু (তিন হাজার ৪৮৪ শিশু) শ্বাসতন্ত্রজনিত সমস্যার কারণে হাসপাতালে এসেছিল। এদের ৪৮ শতাংশ এসেছিল সাধারণ সর্দিকাশি নিয়ে। বাকিদের ২১ শতাংশ ছিল ব্রংকিউলাইটিস আক্রান্ত, ১১ দশমিক ৫ শতাংশ নিউমোনিয়া, ৮ শতাংশ হাঁপানি এবং ১১ দশমিক ৫ শতাংশ অন্যান্য রোগে আক্রান্ত।ফুসফুসের একটি অংশের নাম ব্রংকিউলস। এই ব্রংকিউলস ভাইরাসে আক্রান্ত হলে তাকে বলে ব্রংকিউলাইটিস। ব্রংকিউলসের ওপরে পাতার মতো ফুসফুসের অন্য অংশের নাম এলভিওলাই। এ এলভিওলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে তাকে বলে নিউমোনিয়া। লুত্ফুল কবীর বলেন, ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়ার মধ্যে পার্থক্য করতে না পারার কারণে শিশুদের সাধারণত নিউমোনিয়ার চিকিত্সাই দেওয়া হয়। শিশুরোগ চিকিত্সক ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক নায়লা জামান খান বলেন, দুটি রোগই ফুসফুসের। প্রশিক্ষণ ও যথেষ্ট দক্ষতা না থাকলে দুটি রোগের পার্থক্য করা কঠিন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর হেলথ বুলেটিন ২০০৯ নামে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে সরকারি হাসপাতালে মৃত্যুর প্রধান ১০টি কারণ দেখানো হয়। এতে দেখা যায়, ৭-২৮ দিন বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ সেপ্টিসেমিয়া (২৫.২ শতাংশ); দ্বিতীয় প্রধান কারণ নিউমোনিয়া (২৪.৬ শতাংশ)। এক মাস থেকে এক বছর বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া (৪২.৪ শতাংশ)। আবার এক থেকে চার বছর বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া (২৮.১ শতাংশ)। সরকারি হিসাবে কোথাও ব্রংকিউলাইটিসের উল্লেখ নেই। তবে ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ব্রংকিউলাইটিসকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে হয়তো নিউমোনিয়ার চিকিত্সার সঙ্গেই এর চিকিত্সা হয়। সরকারের এ প্রতিবেদন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)। এমআইএসের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের বিভিন্ন হাসপাতাল থেকে যে তথ্য আসে, তার ভিত্তিতে আমরা প্রতিবেদন তৈরি করি।’রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, সরকারের পরিসংখ্যানে তীব্র শ্বাসকষ্টজনিত রোগ বা এআরআই (এক্যুইট রেসপিরেটরি ট্রাক ইনফেকশন) নামে একটি শ্রেণী আছে। ব্রংকিউলাইটিস এআরআই শ্রেণীর মধ্যে রেখে সরকার হিসাব করে। এটা আন্তর্জাতিক রীতি মেনেই করা হয়। শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, দেশে এক থেকে দুই বছর বয়সী শিশুদের ব্রংকিউলাইটিসে সংক্রমণের হার অনেক বেশি। কিন্তু চিকিত্সকেরা অনেকে সেটা জানেন না। তাই এর হিসাব পাওয়া যায় না। অ্যান্টিবায়োটিকের দরকার নেই: লুত্ফুল কবীরের তত্ত্বাবধানে পরিচালিত দ্বিতীয় জরিপে বলা হয়, ব্রংকিউলাইটিস চিকিত্সায় শিশুকে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় না। যাঁরা নিউমোনিয়া ভেবে অ্যান্টিবায়োটিক দেন, তাঁরা আসলে ভুল চিকিত্সাই করেন। লুত্ফুল কবীর জানান, অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে তাঁরা ৩২৭টি হাসপাতালে ভর্তি হওয়া ব্রংকিউলাইটিসে আক্রান্ত শিশু নিয়ে গবেষণা শুরু করেন। এর মধ্যে ২৯৫টি শিশুকে চূড়ান্ত গবেষণার জন্য বাছাই করা হয়। গবেষক দল শিশুদের তিনটি দলে ভাগ করে গবেষণা চালায়। একটি দলের ৯৯টি শিশুর রক্তে অ্যান্টিবায়োটিক (এম্পিসিলিন) দিয়ে, আরেকটি দলের ৯৯টি শিশুর মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে এবং অন্য আরেক দলের ৯৭টি শিশুকে কোনো অ্যান্টিবায়োটিক না দিয়ে চিকিত্সা করা হয়। সব শিশুকেই সহায়ক চিকিত্সা দিয়েছিলেন গবেষকেরা। প্রয়োজনে শিরায় স্যালাইন অথবা নাকে নল দিয়েও দুধ খাওয়ানো হয়।গবেষণায় দেখা গেছে, প্রতিটি দলের শিশুই সমানভাবে সেরে ওঠে। এসব শিশুর হাসপাতালে থাকার গড় সময় ছিল প্রায় চার দিন। এই শিশুদের একজনও মারা যায়নি। গবেষণা ফল ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার—এমন মন্তব্য করেছেন একাধিক শিশুরোগ বিশেষজ্ঞ। এ ব্যাপারে এম কিউ কে তালুকদার বলেন, এ গবেষণা শিশুরোগ চিকিত্সায় বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘গবেষক দল এ রোগ ব্যবস্থাপনা ও চিকিত্সা এবং নিউমোনিয়ার সঙ্গে কীভাবে পার্থক্য করা যায়—সে ব্যাপারে নির্দেশিকা (গাইডলাইন) তৈরি করতে পারে।’ তিনি বলেন, যে শিশু মায়ের দুধ খায়, সে সহজে ব্রংকিউলাইটিস বা নিউমোনিয়ায় আক্রান্ত হয় না।