পাবনার ঈশ্বরদী উপজেলার ৯৭টি চালকলের মালিককে দুই বছরের জন্য চুক্তির অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাঁদের জামানতও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এসব চালকলের মালিক আগামী দুই বছর কোনো সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবেন না।
চুক্তি অনুযায়ী সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তাঁদের অযোগ্য বলে জানানো হয়েছে।
পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন জানান, শুধু ঈশ্বরদী উপজেলার ৯৭ জন চালকলমালিককে নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। তাঁরা আগামী দুই বছর সরকারি খাদ্যগুদামে কোনো চাল সরবরাহ করতে পারবেন না। তাঁদের জামানতের টাকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কোনো চালকলের নিবন্ধন বাতিল করা হচ্ছে না।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা চালকলমালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান জানান, চুক্তির অযোগ্য বিবেচিত চালকলমালিকদের ব্যাপারে শিথিল ও নমনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁরা ইতিমধ্যে সরকারের খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছে আবেদন জানিয়েছেন।