দুই বছরের তুলনায় ফলাফলে এবার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল : সাফল্য মেয়ের। অবদান তো মায়েরও আছে। খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত মা তাঁর মেয়েকে জড়িয়ে ধরেন। গতকাল বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে তোলা ছবি l প্রথম আলো
বরিশাল : সাফল্য মেয়ের। অবদান তো মায়েরও আছে। খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত মা তাঁর মেয়েকে জড়িয়ে ধরেন। গতকাল বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে তোলা ছবি l প্রথম আলো

গত দুই বছরের তুলনায় এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে কিছুটা উন্নতি হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ সামান্য বেড়েছে। গত বছরের চেয়ে পাসের হার শূন্য দশমিক ১৫ এবং জিপিএ-৫ বেড়েছে ২৮টি।

গতকাল রোববার বেলা একটায় প্রকাশিত ফলাফল অনুযায়ী, বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ জন। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছিলেন ৭৮৭ জন।

এ বছর শিক্ষা বোর্ড থেকে ৬০ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪২ হাজার ৫০৭ জন পাস করেছেন।

এ বোর্ডের গত দুই বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৫ সালের পরীক্ষায় ৫৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হন ৩৯ হাজার ৯৭ জন। পাসের হার ছিল ৭০ দশমিক শূন্য ৬। জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৩১৯ জন। ২০১৬-তে ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হন ৪৩ হাজার ১৫৭ জন। পাসের হার ৭০ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছিলেন ৭৮৭ জন।

ফলাফল সম্পর্কে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘দুই বছর ধরে ফল বিপর্যয় থেকে বের হওয়ার চেষ্টা চলছে। পরীক্ষার খাতা দেখার কৌশল পরিবর্তন হওয়ায় আগের মতো জিপিএ-৫ পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের মান আগের চেয়ে ভালোর দিকে। এ বছর পাসের হার এবং জিপিএ-৫ কিছুটা বেড়েছে। আমরা চাই শিক্ষার্থী এবং অভিভাবকেরা কেবল কোচিংনির্ভর না হোক। সৃজনশীল বিষয়গুলোতে আরও দক্ষতা অর্জন করুক। তাহলে ফল আরও ভালো হবে।’

এবারও মেয়েরা এগিয়ে

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে। পাসের হারে ৬ দশমিক শূন্য ৫ বেশি পেয়ে মেয়েরা এগিয়ে আছেন। জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ বছর ২৯ হাজার ১৪৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছেন ২১ হাজার ৩৯৬ জন। পাসের হার ৭৩ দশমিক ৪১। অন্যদিকে ৩১ হাজার ৩৩৯ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২১ হাজার ১১১ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬। এদিকে মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন ৪১৮টি। ছেলেরা জিপিএ-৫ পেয়েছেন ৩৯৭ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ২১ জন জিপিএ-৫ বেশি পেয়েছেন।

ছেলেদের তুলনায় মেয়েদের এগিয়ে থাকা প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ধারাবাহিকভাবেই মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করছে। আগের যেকোনো সময়ের চেয়ে মেয়েদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আগ্রহ বেড়েছে। তা ছাড়া ছেলেরা পড়াশোনার চেয়ে বাইরের কাজে বেশি মনোযোগী হওয়ায় পিছিয়ে পড়ছে।