দুই বছরের মধ্যে এলএনজি ব্যবহারের লক্ষ্য সরকারের
সরকার দুই বছরের মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহারের লক্ষ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে আলোচনার জন্য মার্কিন কোম্পানি এক্সিলারেট এস্ট্রাওয়েলকে আগামী ৫ মে ঢাকায় আমন্ত্রণ জানানো হচ্ছে। আজ বুধবার জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে এলএনজি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এক্সিলারেটের সঙ্গে চুক্তি সই করা হবে। ২০১৬ সালের এপ্রিলে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হবে। সরকার এই লক্ষ্য নির্ধারণ করেছে।
তবে মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার দুই বছরের মধ্যে এলএনজি আমদানির লক্ষ্য নির্ধারণ করলেও এলএনজির উত্স অর্থাত্ কোথা থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি করা হবে, তা এখনো নিশ্চিত নয়। ২০১১ সালের জানুয়ারিতে কাতার সরকারের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। তাতে ওই দেশ থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ (বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন) এলএনজি আমদানির নিশ্চয়তা পাওয়া যায়।
কিন্তু অনেক দিন আগেই ওই সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর দরকার ছিল। সে উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু এখনো তা হয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে কাতার সরকার আরবি ভাষায় লেখা মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব পাঠিয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলা ভাষায় এর জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু সে জবাব এখনো লিখে পাঠানো হয়নি।
এলএনজি আমদানি সরকারের বিশেষ অগ্রাধিকার পাওয়া সাতটি বড় প্রকল্পের (ফাস্ট ট্রাক প্রজেক্ট) অন্যতম। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বিশেষ আইনের আশ্রয় নেবে বলে জানা গেছে। বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালে জাতীয় সংসদে ওই আইন পাস হয়। ওই আইনে প্রচলিত সরকারি ক্রয়ের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে আলোচনার (নেগোসিয়েশন) মাধ্যমে যে কোনো কোম্পানির সঙ্গে প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে। এ আইনের আওতায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপন করা হয়েছে।
গত পাঁচ বছরে গ্যাস উত্তোলন প্রায় ৯০ কোটি (৯০০ মিলিয়ন) ঘনফুট বাড়ানোর পরও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ না হওয়ায় সরকার দ্রুত এলএনজি আমদানির জন্য আইনটি প্রয়োগ করতে চাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত সরকারের আমলেই ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য এক্সিলারেট এস্ট্রাওয়েল যোগ্য বিবেচিত হয়। তখন তারা এফএসআরইউর মাধ্যমে প্রতি ইউনিট এলএনজি সরবরাহের জন্য ৩৯ মার্কিন সেন্ট টোল দাবি করে। কিন্তু আলোচনায় এসে দাম হাঁকে ৭০ সেন্ট। তা ছাড়া গত সরকারের শেষ দিকে প্রকল্পটি বাস্তবায়নে তারা অনাগ্রহী হয়ে ওঠে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তারা আবার আগ্রহ দেখায়।
এলএনজি আমদানি প্রকল্প নিয়ে সরকার চার-পাঁচ বছর ধরে অনেক কেঁচে গণ্ডুষ করেছে। ২০০৯ সালের মধ্যভাগে তত্কালীন বিদ্যুত্সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন, পেট্রোবাংলায় একটি এলএনজি সেল গঠন, বিদ্যুত্ খাতের পাশাপাশি এই প্রকল্পেও বিনিয়োগকারীর খোঁজে লন্ডন, নিউইয়র্ক ও সিঙ্গাপুরে আয়োজিত ‘রোড শো’তে প্রকল্পটি উপস্থাপন, বিশ্বব্যাংকের একটি প্রকল্পের অব্যবহূত চার লাখ ডলার ব্যবহার করে প্রকল্পের দরপত্র দলিল তৈরি ও নির্মাণকাজ তত্ত্বাবধানের জন্য বিদেশি পরামর্শক নিয়োগ প্রভৃতি ২০১০ সালের মধ্যেই শেষ করা হয়।
এ ছাড়া মহেশখালীর টার্মিনাল থেকে দেশের মূল ভূখণ্ডে গ্যাস আনার জন্য চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত প্রায় ৯১ কিলোমিটার পাইপলাইন নির্মাণের জন্য পেট্রোবাংলার অধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) জরিপ শেষ করে। পরামর্শকের মাধ্যমে বাছাই করা চারটি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাবের জন্য অনুরোধপত্র (আরএফপি) পাঠানো হয়। এর মধ্যে সর্বনিম্ন ছিল আমেরিকান কোম্পানি এক্সিলারেট এস্ট্রাওয়েলের আগের দরপ্রস্তাব। কিন্তু আলোচনায় এসে তারা বেশি দাম চায়। ইতিমধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে এলে বিষয়টি সেখানেই থেমে ছিল।
এরপর ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ‘গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (গেইল)’ একটি প্রস্তাব দেয়। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরবরাহের জন্য তাঁরা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছাকাছি একটি এফএসআরইউ স্থাপন করবে। সেখান থেকে বাংলাদেশও গ্যাস নিতে পারে। প্রস্তাবটি নিয়ে এতদিন আলোচনা না থাকলেও এখন আছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
এ ছাড়া সরকার কুতুবদিয়া এলাকায় স্থলভিত্তিক একটি টার্মিনাল স্থাপনের কথাও ভাবছে যেটি বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ব্যবহার করবে। চীনের একটি সরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যে এই টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে। মন্ত্রণালয় থেকে তাঁদের বলা হয়েছে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে। এই চীনা কোম্পানির সঙ্গে পিডিবি যৌথ কোম্পানিও গঠন করতে পারে বলে জানা গেছে।
এলএনজির আমদানি ও ব্যবহার সম্পর্কে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ম. তামিম বলেন, এলএনজির একমাত্র সমস্যা দাম। দেশে যেখানে প্রতি ইউনিট গ্যাসের গড় দাম এক দশমিক ৮ মার্কিন ডলার, সেখানে ১৫ ডলারের গ্যাস কীভাবে ব্যবহার করা সম্ভব। তিনি বলেন, তা ছাড়া এখন দাম আরও বাড়ছে। ভারত স্পট মার্কেট থেকে জানুয়ারিতে ১৭ ও ফেব্রুয়ারিতে ১৮ ডলার দামে কিনেছে। মার্চে তা ১৯ ডলার হবে। তবে ভারত কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এখনো ১৪ ডলারে পাচ্ছে। ভবিষ্যতে তা-ও বাড়বে।