দুই বছরের মধ্যে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নির্বাচিত হলে দুই বছরের মধ্যে চট্টগ্রাম থেকে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল রোববার তাঁর সঙ্গে গণসংযোগে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
চান্দগাঁও ও বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করার সময় সাবেক এই সাংসদ বলেন, ‘যোগ্য মেয়র নির্বাচন করতে না পারলে গলাসমান পানিতেই ডুবে থাকতে হবে। নগর থেকে আবর্জনাও সরবে না।’ তিনি বলেন, নগরের সমস্যা থেকে মুক্ত হতে হলে নাছির উদ্দিনকে হাতি মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে হবে।
আ জ ম নাছির গতকাল বহদ্দারহাট, বাড়াইপাড়া, কে বি আমান আলী রোড, ফুলতলা, বাদশা চেয়ারম্যান ঘাটা, খাজা রোড, খালাসি পুকুর পাড়, মিয়াখান নগর, কমিশনার পাড়া, সেকান্দর চেয়ারম্যান ঘাটা, আবদুল লতিফ হাট, সাবান ঘাটা, কালামিয়া বাজার, কোরবানিগঞ্জ, ইসহাকের পুল, ময়দার মিল, বাদামতলী মোড় ও ষোলশহর এলাকায় গণসংযোগ করেন। এসব এলাকা বৃষ্টি হলেই তলিয়ে যায়।
গণসংযোগের সময় আ জ ম নাছিরকে অনেক সমর্থক প্লাস্টিক, মোম ও মাটির তৈরি ‘হাতি’ প্রতীক উপহার দেন। এ সময় নিজ নিজ এলাকার সমস্যার কথা তাঁরা তুলে ধরেন। বাকলিয়ার বাসিন্দারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতে এই এলাকা তলিয়ে যায়। এ সময় আ জ ম নাছির বলেন, ‘বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের এত দুরবস্থা নেই। জেলার অনেক গ্রামাঞ্চলও বাকলিয়া এলাকার চেয়ে উন্নত।’ তিনি নির্বাচিত হলে দুই বছরের মধ্যে জলাবদ্ধতার সমস্যা কেটে যাবে বলে প্রতিশ্রুতি দেন। উন্নয়নের জন্য হাতি মার্কায় ভোট দিয়ে তাঁকে মেয়র হওয়ার সুযোগ দিতে অনুরোধ করেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বহদ্দারহাট, চান্দগাঁও এবং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাসিন্দাদের। বর্ষার মৌসুমে পানির নিচে দিন কাটাতে হয়। এখানে নতুন খাল খনন করে জলাবদ্ধতা দূর করার আশ্বাস দেন তিনি।