দুই বছরের মধ্যে পর্যটন গার্মেন্টসের সমপর্যায়ে যাবে
আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের পর্যটন খাত গার্মেন্টস খাতের মতো জায়গা করে নিতে পারবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানীর প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল রোববার বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘পর্যটন সাংবাদিকদের ফেলোশিপ-২০১৬’ সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই পর্যায়ে যেতে গণমাধ্যমের বিশেষ সহযোগিতা প্রয়োজন। দেশের পর্যটন খাত সম্পর্কে বিস্তারিত জানা, বোঝা ও প্রকাশ করা প্রয়োজন। তিনি বলেন, ‘এটা সত্য যে পর্যটনের অবকাঠামোগত ব্যবস্থা আমাদের দেশে অপ্রতুল। যোগাযোগ ব্যবস্থাও (কানেক্টিভিটি) বেশ দুর্বল।’
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে পর্যটন রিপোর্টিংয়ে অবদান রাখার জন্য মুদ্রণ (পত্রিকা) ও ইলেকট্রনিক মিডিয়ার ১০ জন সাংবাদিককে সনদপত্র দেওয়া হয়।