দুই বছরের মধ্যে সব সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর ঘোষণা
আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সরকারি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক কর্মশালায় ওই ঘোষণা দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এই কমিটিতে গণপূর্ত, বিদ্যুৎ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (সেডা) ‘বাংলাদেশে ভবনের ছাদে প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। সেডার সদস্য সিদ্দিক জোবায়ের কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তাতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি টেকসই পন্থা হতে পারে ভবনের ছাদে প্যানেল স্থাপন। এই পদ্ধতিতে কেবল ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি ভবনগুলো থেকেই অন্তত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে।
কর্মশালায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে অর্থের অভাব হবে না। অনেক উন্নত দেশই এখন নবায়নযোগ্য শক্তির উন্নয়নে অর্থ দিতে আগ্রহী।