দুই বন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে নথিপত্র তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী ও সিএফ তপন কুমারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট জায়গায় প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, এঁদের বিরুদ্ধে বন বিভাগের কয়েক একর জমি কোম্পানির নামে বরাদ্দ ও সরকারের কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দেওয়াসহ বিভিন্ন কৌশলে সরকারি শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বিভাগীয় বন কর্মকর্তা নূর সিদ্দিকী চন্দ্রা ও কোনাবাড়ী রেঞ্জের আওতাধীন অন্য বন কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন কারখানাকে বেশ কিছু জমি অঘোষিতভাবে দলিল করে দিয়েছেন। এর মধ্যে পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় তিন একর জমি অ্যাটলাস গ্রিন প্যাক একটি কোম্পানিকে দলিল করে দিয়েছেন।
অন্য দিকে বন কর্মকর্তা সি এফ তপন কুমারের বিরুদ্ধে সাফারি পার্ক ও চিড়িয়াখানায় বিভিন্ন প্রকল্প বাবদ বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে।
এসব অভিযোগ নিজস্ব প্রক্রিয়ায় যাচাই বাছাই করে গত ৬ ফেব্রুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে উপসহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।