দুই বন্দরসহ কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত
গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে এখন চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সঞ্চরণশীল মেঘমালার কারণে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবারও সেখানে বর্ষণ অব্যাহত আছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।