দুই বন্দীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার শেষ না হওয়া দুই হত্যা মামলায় ১৬ ও ১৪ বছর ধরে কারাগারে থাকা দুই বন্দীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যেদিন তাঁদের হাসপাতালে নেওয়া হবে, সেদিন থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, পিতৃহত্যার অভিযোগে করা মামলায় ২০০১ সাল থেকে শফিকুল ইসলাম স্বপন কারাগারে আছেন। স্ত্রী ও মা হত্যার অভিযোগে ২০০৩ সালের ২৯ জুন থেকে সাবেত আলী কারাগারে আছেন। তাঁরা দুজন মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তাঁরা কারাগারে আছেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে খবর প্রচারিত হয়। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী কুমার দেবুল দে। চলতি মাসে আদালত রুল দেন এবং হাইকোর্ট কিশোরগঞ্জের কারাগার কর্তৃপক্ষকে তাঁদের হাজিরার জন্য নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ তাঁদের হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

আইনজীবী কুমার দেবুল দে প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে যদি দেখা যায় সাবিত আলী মানসিক প্রতিবন্ধী নন, তাহলে তাঁর মামলাটি ছয় মাসের মধ্যে এবং সফিকুলের মামলাটি দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি তাঁরা মানসিক প্রতিবন্ধী হন, তাহলে আইন অনুসারে পদক্ষেপ নিতে বলেছেন আদালত।

এক প্রশ্নের জবাবে কুমার দেবুল দে প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৬৫ ধারা অনুসারে বিচার স্থগিত করে আদালত চিকিৎসার জন্য পাঠাবেন—সেটি বাবা-মা বা সেফ হোমে হতে পারে। সুস্থ হলে এরপর তাঁর বিচার শুরু হবে। ওই দুই মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।