দুই বন্দীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা বিচারে এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা দুই বন্দীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যেদিন তাঁদের হাসপাতালে নেওয়া হবে, সেদিন থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
দুই বন্দীর মধ্যে শফিকুল ইসলাম ওরফে স্বপন ২০০১ সালের ১৫ এপ্রিল থেকে ও ছাবেদ আলী ২০০৩ সালের ১৯ জুন থেকে পৃথক হত্যা মামলায় কারাগারে আছেন।
আইনজীবী সূত্র বলেছে, এই দুজন মানসিক প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে কারাগারে আছেন—এ বিষয়ে প্রচারিত খবর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির পক্ষে প্যানেল আইনজীবী কুমার দেবুল দে ৫ জানুয়ারি আদালতের নজরে আনেন।