দুই বন্ধুর ঝুলন্ত লাশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে গতকাল শনিবার গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই দুই তরুণ হলেন দাড়েরপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে রাকিবুল ইসলাম (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর রহমান (২০)। তাঁরা পরস্পরের বন্ধু ছিলেন বলে জানিয়েছে পরিবার।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার বলেন, ওই দুজনের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও দুজন বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গ্রামের কয়েকজন দাড়েরপাড়া গ্রামে মাঠের মধ্যে একটি কদমগাছে একই রশিতে দুজনের মৃতদেহ ঝুলতে দেখেন। তাঁরা পুলিশকে খবর দেন। পরে ওই দুজনের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশের সুরতহাল করে মর্গে পাঠায়। বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।