দুই বাংলাদেশি হত্যা সুপরিকল্পিত: অ্যাটর্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তাঁর সহযোগীকে হত্যার ঘটনাটি সুপরিকল্পিত ছিল। নিউইয়র্কের কুইনসের সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পিটার ম্যাককরমিক গতকাল মঙ্গলবার আদালতে এ কথা বলেছেন।

গত শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহযোগী তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অস্কার মোরেল নামের ৩৫ বছর বয়সী এক হিস্পানিক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

দুই বাংলাদেশি হত্যার ঘটনায় ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে গতকাল কুইনসের একটি আদালতে মোরেলকে হাজির করে পুলিশ।

মোরেলকে জামিন না দেওয়ার পক্ষে আদালতে যুক্তি দেখান অ্যাটর্নি ম্যাককরমিক। তিনি বলেন, আলাউদ্দিন আখুঞ্জি ও তারা মিয়াকে পিছু পিছু অনুসরণের পর পেছন থেকে তাঁদের মাথায় কয়েক দফা গুলি করেন মোরেল। গুলিতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের মৃত্যু হয়।

অ্যাটর্নি ম্যাককরমিক বলেন, ‘এক কথায়, এটা ছিল একটি ভয়াবহ ও ঘৃণ্য হত্যাকাণ্ড। এটি ঠান্ডা মাথায়, পরিকল্পিত খুন ছাড়া আর কিছুই নয়।’

মোরেলের বাসা থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

ম্যাককরমিক বলেন, পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, এই অস্ত্র দিয়েই মোরেল দিনদুপুরে দুজনকে খুন করেছেন। খুনের পর তিনি গাড়িতে করে ব্রুকলিনে তাঁর বাসায় ফেরেন। ঘরের একটি দেয়ালের ইট সরিয়ে সেখানে রিভলবারটি লুকিয়ে রাখেন। সিসি টিভির ফুটেজ অনুসরণ করে এবং গাড়ির নম্বর মিলিয়ে পুলিশ মোরেলের বাসায় যায়। তারা সহজেই অস্ত্রটি খুঁজে পায়। লাইসেন্সবিহীন রিভলবারটি আরও কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে দ্বাররক্ষী হিসেবে কর্মরত মোরেল আদালতে দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তাঁকে শান্ত দেখাচ্ছিল। সংক্ষিপ্ত হাজিরায় খুব কম কথা বলেছেন তিনি।

তবে আদালতে মোরেল স্বীকার করেন, ভিডিও ফুটেজে তাঁকে হত্যাকাণ্ডের স্থানে দেখা গেছে ঠিকই, কিন্তু তিনি হত্যাকারী নন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডে মোরেল একাই জড়িত, নাকি তাঁর আর কোনো সহযোগী ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।

আদালত কাল বৃহস্পতিবার মোরেলের হাজিরার পরবর্তী দিন ধার্য করেছেন।

হত্যায় দোষী সাব্যস্ত হলে মোরেলের প্যারোল ছাড়া সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে।

কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা।

আরও পুড়ন:
হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের
http://www. prothom-alo. com/international/article/ 948952 /