দুই বাংলাদেশিকে আটক করল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কোনাবাড়ী সীমান্তের কাছে দুই বাংলাদেশিকে গত শুক্রবার রাতে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
গতকাল শনিবার বিকেলে পাটগ্রামের শমসেরনগর বিওপি ক্যাম্পের বিপরীতে ৮৬৪ মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় দুই বাংলাদেশিকে আটক করার কথা ৩৫ বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পাটগ্রামের টংটিংডাঙ্গা গ্রামের আবদুল রশিদ (৩০) ও পৌর এলাকার সাহেব ডাঙ্গা গ্রামের লিটন মিয়া (২৫) ভারতীয় গ্রাম তেতলিছড়ায় গরু আনতে যান। সে সময় তেতলিছড়া গ্রামবাসী তাঁদের আটক করে কোচবিহারের চুয়াঙ্গার খাতা বিএসএফ সদস্যদের কাছে তুলে দেন। গতকাল ঘটনাটি জানতে পেরে শমসেরনগর বিওপি ক্যাম্পের বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।