দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমশেরনগর সীমান্তের ওপারে ভারতের চোঙ্গারখাতা এলাকায় গত শনিবার ভোরে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের সহিদুল ইসলাম (৪০) ও জগৎবেড় ইউনিয়নের আবদুল লতিফ (৩৫)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, ১০-১২ জন বাংলাদেশি ব্যবসায়ী শনিবার রাতে ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে জগৎবেড় ইউনিয়নের শমশেরনগর সীমান্তের ৮৬৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে চোঙ্গারখাতা গ্রাম এলাকায় যান। গরু নিয়ে ভোরে ওই গ্রাম থেকে ফেরার সময় ভারতের কোচবিহার ৩৫ ফালাকাঁটা ব্যাটালিয়নের চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও সহিদুল ইসলাম ও আবদুল লতিফকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খান বলেন, তাদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।