দুই বাংলাদেশিকে উদ্ধারে লিবিয়া সরকারের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টায় সে দেশের সরকারের কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে অপহৃতদের উদ্ধারে সংশ্লিষ্ট তিনটি দেশের সঙ্গেও যোগাযোগ রাখছে ত্রিপোলির বাংলাদেশের দূতাবাস। খবর বিবিসির।
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম জানান, তাঁরা অপহরণের শিকার বাংলাদেশিদের উদ্ধারের জন্য লিবিয়া সরকারের আনুষ্ঠানিক সহযোগিতা চেয়েছেন এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে কাজ করছেন। সে দেশের সরকার অপহৃতদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছে এবং উদ্ধারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তাঁদের জানিয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, গত শুক্রবার ত্রিপোলি থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের মরুভূমিতে একটি তেলক্ষেত্রে অপহরণের ঘটনার চার দিন পার হলেও কারা এই অপহরণের সঙ্গে জড়িত, দেশটির কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করতে পারেনি। তাঁদের উদ্ধারের ক্ষেত্রেও কোনো অগ্রগতি এখন পর্যন্ত অর্জিত হয়নি বলে তিনি জানান।
লিবিয়ায় এই মুহূর্তে ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, লিবিয়ায় নিরাপত্তার সংকট থাকলেও সার্বিকভাবে দেশটিতে বাংলাদেশিদের জন্য পরিস্থিতি এখনো খুব বেশি খারাপ নয়।