দুই বাংলাদেশিকে জেলে পাঠিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের জলঙ্গী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাঁদের বহরমপুর কারাগারে পাঠানো হয়।
ওই দুই ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের হীরা (৩২) ও মহিষকুণ্ডি গ্রামের আল্টু (৪২)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাত বাংলাদেশি ভারতের কেরালা রাজ্য থেকে দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্তের ১৫৭-১ (এস) সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। পাঁচ বাংলাদেশি পালিয়ে আসতে পারলেও হীরা ও আল্টুকে বিএসএফ ধরে নিয়ে যায়।
৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন বলেন, বাংলাদেশিদের ফেরত চেয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের চিঠি পাঠানো হয়।