দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ!
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা থেকে দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাঁদের ধরে নেওয়া হয়েছে তাঁরা হলেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের সাহাবউদ্দিন (৩৫) ও একই উপজেলার সিঙ্গারাই গ্রামের এবাদুর রহমান (৩২)। এলাকাবাসী জানান, শুক্রবার সকালে সাহাবউদ্দিন ও এবাদুর লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকায় যান। এ সময় ১২০২ সীমানা পিলারের ৬-এস পিলার অতিক্রম করে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। সাহাবউদ্দিনের বাবা আবদুর রব জানান, তাঁর ছেলে কাঠের ব্যবসা করেন। তবে ঘটনার দিন ব্যবসায়িক কারণে লালাখাল গিয়েছিলেন কি না, তা তিনি নিশ্চিত নন। বিজিবি স্থানীয় ক্যাম্প সূত্র জানায়, কাঠ চোরাচালান মামলার আসামি গ্রেপ্তারে ভারতীয় বন বিভাগ বিএসএফের সহযোগিতায় একটি অভিযান চালায়। এ অভিযানে আটক ব্যক্তিদের ইতিমধ্যে ভারতীয় পুলিশের জিমঞ্চায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল বিকেলে পাঁচ-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম প্রথম আলোকে জানান, বিএসএফ নয়, ওই দুই ব্যক্তিকে ভারতীয় বন বিভাগ আটক করে পুলিশে দিয়েছে। তাঁদের ছাড়িয়ে আনতে আইনি প্রক্রিয়ায় এগোতে হবে। বিজিবি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।