দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে আজ বুধবার ভোরে বাংলাদেশি দুই গরুর রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি-১৪ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, ভোররাত চারটার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু নিয়ে ফেরার সময় তাঁদের আটক করে বিএসএফ।
বিএসএফের হাতে আটক ব্যক্তিরা হলেন উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুর রহমান (২৮) ও একই ইউনিয়নের কড়িয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হক (৩০)।
বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের আহ্বান জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি-১৪ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মাহাবুর, মোজাম্মেলসহ ছয়-সাতজন গরু আনতে ভারতে যান। আজ ভোররাত চারটার দিকে তাঁরা সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত ফাঁড়ির অদূরে ২৪০ নম্বর পিলারের কাছে কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথে ভারতের সনঘাট বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও মাহাবুর ও মোজাম্মেলকে আটক করেন বিএসএফ সদস্যরা।
পাতাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, মাহাবুর ও মোজাম্মেল ভারত থেকে গরু আনতে ব্যবসায়ীদের রাখাল হিসেবে কাজ করতেন। এলাকাবাসী বলছেন, গতকাল রাতে মাহাবুর, মোজাম্মেলসহ আরও বেশ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলেন। গরু নিয়ে ফেরার পথে তাঁরা বিএসএফের হাতে ধরা পড়েন।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সনঘাট বিএসএফের টহল দল তাঁদের আটক করে। এ অভিযোগে বিএসএফ তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে কি না, তা জানা যায়নি। তবে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফ-বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।