দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তের ওপারে ধরা পড়া দুই বাংলাদেশিকে আজ রোববার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাঁরা হলেন গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের তোতা শেখ (৫০) ও একই গ্রামের তাইজুদ্দিন (৪৫)।
১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নাসির উদ্দীন জানান, আজ বেলা তিনটার দিকে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের আশরাফপুর সীমান্ত ফাঁড়ির সদস্যদের হাতে ধরা পড়েন তোতা শেখ ও তাইজুদ্দিন। বিষয়টি জানতে পেরে তাঁদের পরিবারের সদস্যরা বিজিবির বাঙ্গাবাড়ী সীমান্ত ফাঁড়িতে খবর দেন। বিজিবি বিষয়টি বিএসএফকে জানিয়ে চিঠি দিলে ২০৩ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সীমান্ত ফাঁড়ি (বিওপি) কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁদের ফেরত দেয় বিএসএফ।