দুই বাংলাদেশির লাশ তিন দিনেও ফেরত দেয়নি বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ গতকাল শুক্রবারও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের রোকনপুর ক্যাম্প অধিনায়ক আবদুল হালিম জানান, শুক্রবার (গতকাল) লাশ ফেরতের আশ্বাস দিয়েছিলেন বিএসএফ সদস্যরা। লাশ গ্রহণের জন্য বিজিবি ও পুলিশ প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত ফেরত দেয়নি বিএসএফ। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে আবার পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হবে। লাশ ফেরত না পাওয়ায় আবদুল হালিম বলেন, এর আগে সীমান্তে কোনো হত্যাকাণ্ডের পর লাশ ফেরত পেতে এত সময় লাগেনি। তবে যোগাযোগব্যবস্থার কারণে ভারতের মালদা থেকে ময়নাতদন্ত শেষে লাশ ফেরত পাঠাতে দেরি হচ্ছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।গত মঙ্গলবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ গ্রামের মাসুদ ও শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের শহীদুল রাধানগর সীমান্তের ২১৯ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের টিলাসন সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান মাসুদ।