দুই বাংলাদেশির লাশ ফেরত বিএসএফের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। চাড়ালডাঙ্গা সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে লাশ হস্তান্তরের সময় ভারতের মালদা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার এম এ জয়ী এ দুঃখ প্রকাশ করেন।
৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ভারতের মালদা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার এম এ জয়ী এ সময় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে বিএসএফের ওপর বাংলাদেশি চোরাকারবারিদের আক্রমণেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লে. কর্নেল জাহিদ বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে দুপুরেই নিহত জবদুল হকের মরদেহ তাঁর স্ত্রী আকলিমা খাতুন ও শাহজাহান ভুট্টুর মরদেহ তাঁর স্ত্রী জোবেদা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।