দুই বাংলার আবৃত্তিশিল্পীদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। পশ্চিমবঙ্গের এই বিশিষ্ট দুই আবৃত্তিশিল্পী ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে রেখেছিলেন অসাধারণ ভূমিকা। পার্থ ঘোষ তখন আকাশবাণীতে কাজ করতেন। ইথারে ভাসিয়ে দিতেন বাংলাদেশের কথামালা। বাংলাদেশ সম্পর্কে তাঁর অনুভূতি এই রকম, ‘যদি কখনো মন খারাপ হয়, কোথাও হারিয়ে যেতে চাই, কিংবা প্রিয় মানুষের সান্নিধ্যের বড় প্রয়োজন, কারও কাছে আশ্রয় পেতে চাই, তখন বাংলাদেশের কথা আমার খুব মনে পড়ে।’ বাংলাদেশের নোয়াখালীতে ছিল তাঁর পূর্বপুরুষের বসবাস। একসময় তাঁরা নদীয়ায় পাড়ি দেন। সেই থেকে পশ্চিমবঙ্গে তাঁদের বসবাস। পার্থ ঘোষ অবশ্য অনেক দেরিতে এ কথা জানতে পেরেছেন। বললেন, ‘সেই থেকে বাংলাদেশকে নিজের ভূমি বলেই মানি।’ পার্থ ঘোষ ও গৌরী ঘোষ—এই আবৃত্তিশিল্পী দম্পতি তৃতীয়বারের মতো এলেন বাংলাদেশে। এবার এসেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও শিমূল ইউসুফের পারিবারিক আমন্ত্রণে। ওপার বাংলার এই দুই আবৃত্তিশিল্পীকে পেয়ে তাঁদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায়নি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় তাই তাঁদের দুজনকে নিয়ে হলো দুই বাংলার আবৃত্তিশিল্পীদের আড্ডা। আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এই আড্ডা অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে।আয়োজনে এই শিল্পী দম্পতিকে উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর ও মাসকুর এ সাত্তার। এরপর বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ। ওপার বাংলার আবৃত্তিশিল্পী দম্পতিকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের আবৃত্তিশিল্পী দম্পতিরা। আড্ডায় কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, আহকামউল্লাহ, তিতাস রোজারিও ও চিত্রা দম্পতি। আড্ডার সমন্বয় করেন হাসান আরিফ। সবশেষে ছিল আমন্ত্রিত এ দম্পতির অনূভূতি প্রকাশ ও আবৃত্তির পালা। প্রথমে গৌরী ঘোষ বাংলাদেশের প্রতি ভালোলাগা, ভালোবাসা আর বারবার ফিরে আসার ইচ্ছার কথা জানান। এরপর আবৃত্তি করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘এক দিন এই সব হবে তাই’। পার্থ ঘোষ বাংলাদেশ নিয়ে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির কথা শোনান। নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতি তাঁর ভালোবাসার কথা বলে আবৃত্তি করেন রবীন্দ্রনাথের ‘তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা।/ ওই-যে সুদূর নীহারিকা...।’ সবশেষে ছিল দুই বাংলার কবিতা এবং আবৃত্তিচর্চা নিয়ে প্রশ্নোত্তর পর্ব। সিএটির নাটক ‘দি কমিউনিকেটর’‘দি কমিউনিকেটর নাটকটি প্রচলিত অর্থে নাটক নয়। একে পারফমরমেন্স বলাটাই ভালো। ‘দি কমিউনিকেটরের মধ্য দিয়ে আমি সামাজিক আচার, সুর, সংলাপ, আবৃত্তি, নৃত্য, অঙ্গসঞ্চালন, পুতুলনাচ, জাদু, সার্কাস স্থাপনা এবং মাল্টিমিডিয়ার সমন্বয় করার চেষ্টা করেছি। এখানে কোনো অঙ্ক, দৃশ্য, ইউনিট, উপাখ্যান নেই; এমনকি সময়কালের ধরাবাঁধা নিয়মও নেই, তাই আমি এটাকে বলছি “পারফরমেন্স উইথ আউট বর্ডার”।’ নিজের নির্দেশিত নতুন নাটক নিয়ে এমন মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব কামালউদ্দিন।সেন্টার ফর এশিয়ান থিয়েটারে (সিএটি) এ নাটকের প্রদর্শনী হয়েছে গতকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। অবশ্য এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল গত বছর নভেম্বর মাসে ইবসেন আন্তর্জাতিক উত্সবে। গতকাল থেকে দি কমিউনিকেটর-এর নিয়মিত প্রদর্শনী শুরু হলো।দি কমিউনিকেটর নাটকটি লিখেছেন ইয়াসমিনকা মারকোভোস্কা। বাংলায় রূপান্তর করেছেন রায়হান আখতার। নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন।ফরিদা জামানের ‘প্রকৃতি ও জীবন’ কলকাতার ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পর্ষদ এবং ঢাকার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার থেকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে শুরু হয়েছে শিল্পী ফরিদা জামানের ‘প্রকৃতি ও জীবন’ শীর্ষক ১২ দিনব্যাপী একক চিত্রকলা প্রদর্শনী। বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট শিল্পী বিজন চৌধুরী ও গণেশ হালুই।প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ৩২টি সাম্প্রতিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।মুক্তিযুদ্ধের পথনাটকসম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডারস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে ১৮ দিনব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। কাল বাংলাদেশ পথনাটক পরিষদভুক্ত চারটি দল পথনাটক পরিবেশন করে। আজ বৃহস্পতিবারও এখানে বিকেল পাঁচটা থেকে পথনাটক পরিবেশন করা হবে।