দুই বাংলার কবিদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের মুকুল ফৌজ মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কবিদের নিয়ে কবি সমাবেশ হয়েছে। কবি সমাবেশের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী। এতে দেশের শতাধিক কবির পাশাপাশি অর্ধশতাধিক ভারতীয় কবি যোগ দেন।দুই দেশের কবিদের অংশগ্রহণে সমাবেশ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। কবি সমাবেশে সম্মাননা প্রদান, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা হয়।মুকুল নিকেতনের প্রধান শিক্ষক অধ্যাপক আমীর আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক ছাড়াও সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, কবি প্রণব কুমার মুখোপাধ্যায়, কবি মৃণাল বসু চৌধুরী, কবি অসীম সাহা, কবি শান্তনু কায়সার, কবি আতা সরকার, কবি মাহমুদ কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন।সমাবেশে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক সুমিতা নাহা। তরুণ শিল্পী শামীম আশরাফের একক প্রচ্ছদ প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় কবি শেখর বসু। কবিতা বাংলা, অমরাবতী নাট্যমন্দির, মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমি, ময়মনসিংহ সাহিত্য সংসদ ও নাট্যাঙ্গন নাট্যপরিবারের সহযোগিতায় এই কবি সমাবেশের আয়োজন করে স্থানীয় প্রকাশনাপ্রতিষ্ঠান স্বতন্ত্র।