দুই বাংলার চলচ্চিত্র উৎসব ১৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রেমে, প্রেমে দুই বাংলা’—এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫’। উৎসবে দুই বাংলার প্রায় ২০টি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে চলচ্চিত্রবিষয়ক সেমিনার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে। গতকাল শনিবার দুপুর ১২টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উৎসব আয়োজন কমিটির সদস্যসচিব সাজ্জাদ বকুল বলেন, ১৮ নভেম্বর সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও নাসির উদ্দীন ইউসুফ। উৎসবে সাত দিনে দুই বাংলার খ্যাতিমান চলচ্চিত্রকারদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য মিলিয়ে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও অর্থনীতি বিভাগের গ্যালারিতে চলচ্চিত্র প্রদর্শনী এবং ডিনস কমপ্লেক্সের কনফারেন্স হলে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে।