দুই বাংলার মানুষের মিলনমেলা
মায়া, মমতা আর ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ বাঙালি সুযোগ পেলেই একে অন্যের সঙ্গে মিশে যায়। স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে ও মনের মধ্যে জমে থাকা কথা জানাতে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্তের বড়দরগায় এক দিনের জন্য অনুষ্ঠিত হয় দুই বাংলার লাখো মানুষের মিলনমেলা।দুই বাংলার বাসিন্দারা সৈয়দ বুড়াপীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ওরসের আয়োজন করে। স্থানীয়ভাবে এই মিলনমেলা বড়দরগার ওরস হিসেবে পরিচিত। হাজার হাজার ভারতীয় ও বাংলাদেশি নারী-পুরুষ আর আবালবৃদ্ধবনিতার পদভারে মুখরিত হয়ে ওঠে সীমান্ত এলাকাসহ আশপাশের অঞ্চল। সকাল থেকে ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে এখানে এসে অবস্থান নেয়। দীর্ঘদিন পর একে অন্যকে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়ে। ইছালে সওয়াব ও দোয়ার মাহফিল পরিণত হয় মিলনমেলায়।ওরস কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দেশ বিভাগের আগে পঞ্চগড় ছিল ভারতের জলপাইগুড়ি জেলার অধীনে। ওই সময় পঞ্চগড় ও আশপাশের জেলাগুলো এবং জলপাইগুড়িসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অবস্থান করত অনেকের আত্মীয়স্বজন। এ কারণে দুই দেশের অসংখ্য মানুষ মুখিয়ে থাকে ওরসের দিনটির জন্য। এক বছর পর তাদের নিকটাত্মীয়দের কাছে পেয়ে লোকজন আনন্দে আত্মহারা হয়ে যায়। এ ছাড়া ওরসে আসা দর্শনার্থীরা নিজেদের নানা সমস্যা ও মঙ্গলের জন্য দরগা শরিফ জিয়ারত করে।পঞ্চগড় বিজিবির ২৫ ব্যাটালিয়ন কর্মকর্তা মেজর হাসিবুল হোসেন নবী জানান, ওরসের বিষয়টি ধর্মীয় হওয়ায় বিজিবি-বিএসএফের কোম্পানি অধিনায়ক পর্যায়ে একাধিকবার বৈঠক করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, দুই বাংলার সংস্কৃতি ও রুচিবোধের মিল রয়েছে। এটা ভালোবাসার মিলনমেলা।