দুই বাংলার মিলনমেলা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তের ওপারে শ্যামাপূজা উপলক্ষে গতকাল বুধবার সকালে মেলা বসে। এতে দুই বাংলার মানুষের সাক্ষাৎ হয়। স্বজন ও পরিচিত ব্যক্তিদের মধ্যে আলাপ ও উপহারসামগ্রী বিনিময় হয়।
সরেজমিনে জানা যায়, অন্যান্য বছরের মতো এবারও শ্যামাপূজা উপলক্ষে ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার ব্রাহ্মণপাড়া ও ডাকুয়ারটারী সীমান্তে মেলা বসে। পাটগ্রামের জোংড়া ইউনিয়নের জুম্মারপাড়ের লোকজনও সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের দুই পাশের মানুষের সাক্ষাৎ হয়। এটা চলে ভোর ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফটক খুলে এপারের মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করে। দীর্ঘদিন পর স্বজনের সাক্ষাৎ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় কাঁটাতারের ফাঁক ও ওপর দিয়ে খাবার, ফল, মিষ্টি, কাপড়সহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া-নেওয়া হয়। মেলা ভাঙার সময় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।
জলপাইগুড়ি থেকে আসা বড় বোন মায়া ও তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে আসেন জোংড়া ইউনিয়নের সরকারেরহাট ও ভান্ডারদহ গ্রামের সুশীল (৪০), জুমবালা (৩৫), ক্ষীতেশ (৫০), জতীস দাস (৭৬)। তাঁরা বলেন, ‘প্রতিবছর আমরা অপেক্ষা করি এই দিনটির জন্য। যদিও তাঁদের (আত্মীয়স্বজন) কাছে যেতে পারি না, তারপরও তাঁদের সামনাসামনি হতে পেরেছি এবং দূর থেকে হলেও কথা বলেছি। এতে মনের সান্ত্বনা পেয়েছি।’