দুই বাংলার সংহতি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার সংহতি অনুষ্ঠান গতকাল বুধবার যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বঙ্গ সাহিত্য সমিতি ও এমএম কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় এমএম কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ক্যাম্পাসের মধুমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপাধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, শিক্ষক পরিষদের সম্পাদক ও সংহতি-২০১৭ উদ্যাপন পরিষদ, বাংলাদেশের আহ্বায়ক এ আই এম শরীফ হোসেন, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের সংহতি-২০১৭ উদ্যাপন পরিষদের আহ্বায়ক দীপন দাস ও কলেজের ছাত্র প্রতিনিধি পল লিয়ান গোমেজ।
দীপন দাস বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা, দুই দেশের মেলবন্ধন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে সংহতি উদ্যাপন করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বালনের মাধ্যমে নয় দিনের এ অনুষ্ঠান শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্মৃতিসৌধে অনুষ্ঠান হয়। যশোরের এমএম কলেজে অনুষ্ঠান শেষ করে গতকালই বেনাপোল হয়ে পশ্চিমবঙ্গে গেছে সংহতি উদ্যাপন দলটি। তারা সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠান করবে। ২১ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজে সমাপনী অনুষ্ঠান হবে।