দুই বাড়ির ছয়জন কাউন্সিলর প্রার্থী
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ২ ও ৯ নম্বর ওয়ার্ডে দুই বাড়ির ছয়জন ভোটযুদ্ধে নেমেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁরা ভোটারদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পৈলপাড়া গ্রামের দুই চাচাতো ভাই ও তাঁদের এক ভাতিজা কাউন্সিলর পদে ভোটে নেমেছেন। দুই ভাইয়ের একজন হচ্ছেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, আরেকজন হচ্ছেন জাতীয় পার্টির সমর্থক মাকসুদ আলম পাটওয়ারী। দুই ভাইয়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তাঁদেরই ভাতিজা রেজাউল করিম পাটওয়ারী ওরফে রিপন।
ইকবাল হোসেন পাটওয়ারী ও রেজাউল করিম পাটওয়ারী বলেন, সম্পর্কে চাচা-ভাতিজা হলেও নির্বাচনের মাঠে তাঁরা মুখোমুখি। জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী। এ বিষয়ে জানতে মাকসুদ আলম পাটওয়ারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
পৈলপাড়া গ্রামের তিন-চারজন বাসিন্দা বলেন, তাঁদের গ্রামের পাটওয়ারী বাড়ির দুই ভাই ও ভাতিজার মধ্যে ভোটযুদ্ধ জমবে এবার। শেষ পর্যন্ত কে জিতবে বলা কঠিন।
এ ছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের হাজরা বাড়ির তিনজন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মোশারফ হোসেন হাজরা, জহিরুল ইসলাম হাজরা ও মোহাম্মদ আনোয়ার হোসেন হাজরা। ওই তিন প্রার্থীই আওয়ামী লীগের সমর্থক। এর মধ্যে মোশারফ হোসেনের চাচাতো ভাই হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন।
জহিরুল ইসলাম হাজরা বলেন, ‘ভোটের মাঠে রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। জয়ের জন্যই মাঠে নেমেছেন।’ নির্বাচনে মোশারফ হোসেন হাজরা ও আনোয়ার হোসেন হাজরা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।