নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দুটি মামলার দুই বাদীকে জেরা করেছেন প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের পক্ষের আইনজীবীরা। বাদী দুজন হলেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
গতকাল সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই জেরা অনুষ্ঠিত হয়। আদালত জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১১ এপ্রিল ধার্য করেন।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, সকালে নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে সেলিনা ইসলাম বিউটিকে ও পরে বিজয় কুমার পালকে জেরা করেন আইনজীবীরা। আদালত আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে ১১ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলামের সাক্ষ্যগ্রহণেরও তারিখ গতকাল ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি।
ওয়াজেদ আলী খোকন জানান, উচ্চ আদালতে রিভিশন মামলা থাকায় নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা ইতিপূর্বে আদালতে সাক্ষ্য দেওয়া আট সাক্ষীকে জেরা করেননি। আইনজীবীরা ওই সাক্ষীদের জেরা করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করে আগামী ধার্য তারিখে জেরা করার অনুমতি দেন।
দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আসামি নূর হোসেন ও তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা দুটি মামলার বাদীকে জেরা করেছেন। বাদীরা কীভাবে অপহরণের পর হত্যা ও লাশ গুম করেছেন, সেসব বিষয়ে জেরা সাবলীলভাবে সম্পন্ন করেছেন। এর আগে দুটি মামলায় দুজন হাকিমসহ ১৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।